সরকারের ভালো কাজের সমালোচনাকারীদের উদ্দেশে মাদারীপুর-৩ (কালকিনি-ডাসার) আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, ‘রাজনৈতিক নেতা বা কর্মী হয়ে কোনটা ভালো আর কোনটা খারাপ, সেটা বোঝার ক্ষমতা না থাকলে দয়া করে রাজনীতি ছেড়ে দিন। তা না হলে সাধারণ মানুষের প্রতিরোধের মুখে একদিন আপনাদেরও এ দেশ ছাড়তে হবে।’
শুক্রবার (২১ আগস্ট) সকালে মাদারীপুরের কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়নের এইচ অ্যান্ড সি জেনারেল হাসপাতালে আয়োজিত বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি খোকন বলেন, ‘দেশকে ভালোবেসে প্রধানমন্ত্রী তারেক রহমান দৈনিক ১৮ ঘণ্টা পরিশ্রম করে যাচ্ছেন। অথচ রাজনৈতিক নেতাকর্মী হয়ে যদি আপনারা ভালো-মন্দের পার্থক্য বুঝতে না পারেন, তাহলে রাজনীতি করার কোনো প্রয়োজন নেই।’
সমালোচকদের দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ভালোকে ভালো এবং খারাপকে খারাপ বললে জনগণ মনে করবে আপনারা দেশপ্রেমিক। কিন্তু রাস্তায় দাঁড়িয়ে মাইক পেলেই যার-তার বিরুদ্ধে ভিত্তিহীন সমালোচনা করলে জনগণের রোষানলে পড়তে হবে। কারণ বাংলাদেশের মানুষ বোঝে, কার স্বার্থে এবং কী উদ্দেশ্যে আপনারা এসব করছেন।’
ডা. মাহবুবুর রহমান পবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম এবং কালকিনি উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মিজানুর রহমান।
এ ছাড়া অনুষ্ঠানে যুবদল নেতা মামুন শিকদার ও শামীম মোল্লা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নজরুল ইসলাম হাওলাদারসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।