বাংলাদেশের বাজারে এক্সপালস ২০০ ৪ভি ও এক্সপালস ২০০ ৪ভি প্রো মোটরসাইকেল নিয়ে এসেছে হিরো মোটোকর্প। নতুন দুই মডেল বাজারে আনার মাধ্যমে দেশে অন-রোড ও অফ-রোড অ্যাডভেঞ্চার মোটরসাইকেলের পোর্টফোলিও সম্প্রসারণ করেছে প্রতিষ্ঠানটি।
শুক্রবার (২১ আগস্ট) ঢাকায় নতুন মডেল দুটি উন্মোচনের তথ্য জানায় হিরো মোটোকর্প। বাংলাদেশে প্রতিষ্ঠানটির ১২ বছরের যাত্রায় নতুন এই মডেল দুটি গুরুত্বপূর্ণ সংযোজন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
হিরো মোটোকর্পের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হর্ষবর্ধন চিতালে বলেন, ‘বাংলাদেশ আমাদের কাছে শুধু একটি গুরুত্বপূর্ণ বাজার নয়; এটি আমাদের বৈশ্বিক পরিচয় ও উৎপাদন কার্যক্রমেরও গুরুত্বপূর্ণ অংশ। গত ১২ বছর ধরে ‘হিরোর দেশ বাংলাদেশ’ দর্শনকে সামনে রেখে আমরা এ দেশের সঙ্গে আমাদের সম্পর্ককে আরও দৃঢ় করেছি।’
তিনি বলেন, বাংলাদেশের রাইডারদের আগ্রহ এখন দৈনন্দিন যাতায়াতের পাশাপাশি লাইফস্টাইল, নতুন জায়গা ঘুরে দেখা ও স্বাধীনভাবে রাইডিংয়ের দিকেও বাড়ছে। এক্সপালস ২০০ সিরিজের মাধ্যমে দেশে অ্যাডভেঞ্চার মোটরসাইকেল সংস্কৃতিকে আরও এগিয়ে নিতে প্রতিষ্ঠানটি কাজ করছে।
যেসব ফিচার থাকছে
এক্সপালস ২০০ সিরিজের দুই মডেলেই রয়েছে ১৯৯.৬ সিসি, ৪-ভালভ, সিঙ্গেল-সিলিন্ডার ও অয়েল-কুলড ইঞ্জিন। ইঞ্জিনটি ৮,৫০০ আরপিএমে ১৮.৯ বিএইচপি শক্তি এবং ৬,৫০০ আরপিএমে ১৭.৩৫ এনএম টর্ক উৎপন্ন করে। এতে রয়েছে ৫-স্পিড ট্রান্সমিশন।
মোটরসাইকেল দুটিতে তিনটি এবিএস মোড—রোড, অফ-রোড ও র্যালি রাখা হয়েছে। পাশাপাশি রয়েছে ডুয়াল-পারপাস টায়ার, অ্যাডজাস্টেবল মোনো সাসপেনশন, এলসিডি ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, ব্লুটুথ কানেক্টিভিটি ও টার্ন-বাই-টার্ন নেভিগেশন।
এ ছাড়া ক্লাস-ডি এলইডি প্রজেক্টর হেডল্যাম্প, এলইডি ডিআরএল, ব্যাশ প্লেট, হ্যান্ডগার্ড ও বাঞ্জি হুকসহ লাগেজ প্লেট রয়েছে।
দুই মডেলের দাম
দৈনন্দিন যাতায়াত ও হালকা ট্রেইল রাইডিংয়ের জন্য তৈরি এক্সপালস ২০০ ৪ভিতে রয়েছে ৮২৫ মিমি সিট হাইট, ২২০ মিমি গ্রাউন্ড ক্লিয়ারেন্স এবং ১৯০ মিমি ফ্রন্ট সাসপেনশন ট্রাভেল। মডেলটি মেটালিক নেক্সাস ব্লু হোয়াইট রঙে পাওয়া যাবে।
অন্যদিকে, আরও বেশি অফ-রোড সক্ষমতার জন্য এক্সপালস ২০০ ৪ভি প্রো মডেলে রয়েছে প্রো অ্যাডজাস্টেবল সাসপেনশন। সামনে ২৫০ মিমি ও পেছনে ২২০ মিমি সাসপেনশন ট্রাভেল, ২৭০ মিমি গ্রাউন্ড ক্লিয়ারেন্স এবং ৮৯১ মিমি সিট হাইট রয়েছে। এতে হ্যান্ডেলবার রাইজার ও এক্সটেন্ডেড গিয়ার লিভারও রয়েছে। মডেলটি পার্ল ফেডলেস হোয়াইট রঙে পাওয়া যাবে।
বাংলাদেশে হিরো মোটোকর্পের মোটরসাইকেল বাজারজাত করছে নিলয় মোটরস লিমিটেড। বর্তমানে দেশজুড়ে ৫৩০টির বেশি অনুমোদিত সেলস ও সার্ভিস আউটলেট রয়েছে। নতুন মোটরসাইকেল কেনার সঙ্গে গ্রাহকেরা ৫ বছরের ওয়ারেন্টি ও ইন্স্যুরেন্স সুবিধা পাবেন।
এক্সপালস ২০০ ৪ভির দাম নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৩৫ হাজার টাকা। আর এক্সপালস ২০০ ৪ভি প্রোর দাম ৩ লাখ ৬৫ হাজার টাকা।