দুই কর্মকর্তা-কর্মচারীকে মারধরের অভিযোগ ওঠার পর কুড়িগ্রাম পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. ফজলে রাব্বীকে প্রত্যাহার করে স্থানীয় সরকার বিভাগে সংযুক্ত করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব সগীর হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
পৌরসভা সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) জেলা পরিষদের ডাকবাংলোয় নিজের আবাসিক কক্ষে পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা আব্দুর রাজ্জাক রশিদ ও পরিচ্ছন্নতা শাখার চতুর্থ শ্রেণির কর্মচারী আনারুল ইসলামকে মারধরের অভিযোগ ওঠে সিইও ফজলে রাব্বীর বিরুদ্ধে।
ঘটনার পর ভুক্তভোগী দুই কর্মকর্তা-কর্মচারী বিষয়টি সংশ্লিষ্টদের জানান। এর প্রতিবাদে ওইদিন দুপুর থেকে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতিতে যান। অভিযুক্ত সিইওকে পদ থেকে অপসারণ না করা পর্যন্ত অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেন তারা। এতে পৌরসভার দাপ্তরিক কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়ে।
ঘটনার পর কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। একই দিন তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে এ বিষয়ে চিঠি পাঠান।
কুড়িগ্রাম পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিএম কুদরত-এ-খুদা বলেন, জেলা প্রশাসকের পাঠানো চিঠির পরিপ্রেক্ষিতে দুই দিনের মধ্যেই স্থানীয় সরকার বিভাগ ফজলে রাব্বীকে প্রত্যাহারের আদেশ দিয়েছে। বর্তমানে তাকে স্থানীয় সরকার বিভাগে সংযুক্ত করা হয়েছে।
তবে তার বিরুদ্ধে ওঠা মারধরের অভিযোগের বিষয়ে মো. ফজলে রাব্বীর বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।