ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার দেবগ্রামে পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণার আগেই ব্যতিক্রমী ভোটের আয়োজন করেছেন স্থানীয় বাসিন্দারা। নিজেদের গ্রাম থেকে একজনকে একক মেয়র প্রার্থী হিসেবে বাছাই করতে ভোটাভুটির এই আয়োজন করেছেন তারা।
কাগজে-কলমে এটি ‘দেবগ্রাম আর্থ-সামাজিক উন্নয়ন পরিচালনা কমিটি’র সভাপতি নির্বাচন। তবে স্থানীয়দের দাবি, এ নির্বাচনে যিনি সভাপতি নির্বাচিত হবেন, আসন্ন পৌরসভা নির্বাচনে তাকেই দেবগ্রাম থেকে একক মেয়র প্রার্থী করার পরিকল্পনা রয়েছে।
শনিবার (১৫ আগস্ট) সকাল ৮টা থেকে দেবগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। এতে গ্রামের প্রায় তিন হাজার পুরুষ ভোটার ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন।
সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন। তারা হলেন—শেখ আমজাদ হোসেন বাবু, মো. ফয়েজ আহমেদ ও রুহুল আমিন খান সুমন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, অতীতে দেবগ্রাম থেকে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও পৌর মেয়র পদে একাধিক ব্যক্তি নির্বাচিত হয়েছেন। তবে সাম্প্রতিক সময়ে গ্রামের ভোটে বিভক্তি ও ঐক্যের অভাব থাকায় বাইরের প্রার্থীরা সুবিধা পেয়েছেন। এবার নিজেদের মধ্যে ঐক্য ধরে রেখে একজনকে একক প্রার্থী হিসেবে দাঁড় করানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
গ্রামবাসী জানান, গত মে মাস থেকেই এই নির্বাচন আয়োজনের তোড়জোড় শুরু হয়। দেবগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে দফায় দফায় বৈঠক করে নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে একজনকে প্রধান নির্বাচন কমিশনার করে শুরু হয় আনুষ্ঠানিক কার্যক্রম।
নাম প্রকাশ না করা শর্তে একজন বলেন, দেবগ্রাম আর্থ-সামাজিক উন্নয়ন পরিচালনা কমিটির সভাপতি নির্বাচন-২০২৬’ নামে এ ভোট হচ্ছে। নির্বাচিত সভাপতি গ্রামের বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে নেতৃত্ব দেবেন। পাশাপাশি পৌরসভা নির্বাচনে তাকেই দেবগ্রামের একক মেয়র প্রার্থী করার পরিকল্পনা রয়েছে।
প্রার্থী মো. ফয়েজ আহমেদ বলেন, গ্রামের সবাই মিলে যে কমিটি গঠন করছে, তার সভাপতি পদে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচিত হলে গ্রামের মানুষের জন্য কাজ করতে চান তিনি।
শেখ আমজাদ হোসেন বাবু বলেন, সকাল থেকেই ভোটাররা কেন্দ্রে আসতে শুরু করেছেন। পুরো গ্রামে উৎসবের আমেজ বিরাজ করছে। তিনি জয়ের ব্যাপারে আশাবাদী।
অপর প্রার্থী রুহুল আমিন খান সুমন বলেন, গ্রামের ঐক্য ধরে রাখতে সবাই একমত হয়ে সভাপতি পদে ভোটের আয়োজন করেছেন। তিনিও জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
স্থানীয়রা বলছেন, পৌরসভা নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল এখনো ঘোষণা হয়নি। তবে তার আগেই দেবগ্রামের এই ব্যতিক্রমী ভোট আয়োজনকে ঘিরে এলাকায় ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। নিজেদের পছন্দের একজনকে বেছে নিয়ে ভবিষ্যৎ পৌরসভা নির্বাচনে ঐক্যবদ্ধভাবে তার পক্ষে অবস্থান নেওয়ার প্রস্তুতি হিসেবে দেখছেন গ্রামবাসী।