এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে অসাধারণ সাফল্য অর্জন করেছে পাবনা ক্যাডেট কলেজ। প্রতিষ্ঠানটি থেকে ৫২ জন ক্যাডেট পরীক্ষায় অংশ নিয়ে সবাই উত্তীর্ণ হয়েছে। প্রত্যেকেই জিপিএ-৫ পাওয়ায় প্রতিষ্ঠানটির পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির হার দুটিই হয়েছে শতভাগ।
প্রকাশিত ফলাফলে দেখা যায়, পাবনা ক্যাডেট কলেজের ৫২ জন পরীক্ষার্থীর কেউই অকৃতকার্য হয়নি। তাদের মধ্যে ৫০ জন গোল্ডেন জিপিএ-৫ এবং বাকি দুজন জিপিএ-৫ অর্জন করেছে।
এমন ফলাফলে প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।
পাবনা ক্যাডেট কলেজের অধ্যক্ষ কর্নেল মেহেদী হাসান বলেন, এ সাফল্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল। নিয়মিত পাঠদান, কঠোর শৃঙ্খলা, সময়ানুবর্তিতা এবং শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধানের কারণে ক্যাডেটরা ভালো ফলাফল করতে পেরেছে।
তিনি বলেন, ‘এই অর্জনে আমরা আনন্দিত ও গর্বিত। তবে শুধু ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও দায়িত্ববোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।’
ভবিষ্যতেও শিক্ষার মান আরও উন্নত করতে প্রতিষ্ঠানটি কাজ করে যাবে বলে জানান অধ্যক্ষ।