অদক্ষতা, দায়িত্বে অবহেলা এবং বহিরাগত ব্যক্তিদের দিয়ে সরকারি দাপ্তরিক কাজ পরিচালনার অভিযোগে গাজীপুরের কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসের চার কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার (৩ আগস্ট) সকালে গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া আকস্মিক পরিদর্শনে গিয়ে এ নির্দেশ দেন।
সাময়িক বরখাস্ত হওয়া ব্যক্তিরা হলেন কাশিমপুর ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মো. ওয়াজেদ আলী খান, অফিস সহায়ক মো. শফিকুল ইসলাম, মুহাম্মদ মোস্তফা কামাল এবং তাপস চন্দ্র শীল।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসে দীর্ঘদিন ধরে অনিয়ম, দায়িত্বে অবহেলা এবং সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ পাওয়া যাচ্ছিল। এসব অভিযোগের ভিত্তিতে দায়িত্ব গ্রহণের পর থেকেই জেলা প্রশাসক বিভিন্ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শন শুরু করেন। এরই ধারাবাহিকতায় সোমবার সকালে তিনি কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন।
পরিদর্শনের সময় সরকারি দাপ্তরিক কাজ কর্মকর্তা-কর্মচারীদের পরিবর্তে বহিরাগত ব্যক্তি ও দালালদের মাধ্যমে পরিচালিত হওয়ার প্রমাণ পাওয়া যায়। এছাড়া দায়িত্ব পালনে অবহেলা এবং সেবাগ্রহীতাদের যথাযথ সেবা না দিয়ে হয়রানির অভিযোগেরও প্রাথমিক সত্যতা মেলে। পরে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট চার কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেওয়া হয়।
জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া বলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহেল রানা, গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজ্জাদ হোসেন এবং টঙ্গী রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) হাসিবুর রহমানকে সঙ্গে নিয়ে তিনি কাশিমপুর ভূমি অফিস পরিদর্শনে যান। সেখানে গিয়ে দেখা যায়, সরকারি নিয়ম অনুযায়ী দাপ্তরিক কার্যক্রম পরিচালিত হচ্ছে না এবং দায়িত্বপ্রাপ্তরা কাজের বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি।
নূরুল করিম আরও বলেন, সেবাগ্রহীতাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে নামজারির সফটওয়্যার ও প্রয়োজনীয় দাপ্তরিক নথিপত্র দেখতে চাওয়া হলেও সংশ্লিষ্টরা তা উপস্থাপন করতে ব্যর্থ হন। এসব অনিয়ম ও দায়িত্বে অবহেলার কারণেই তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।
কাশিমপুর ভূমি অফিস পরিদর্শন শেষে জেলা প্রশাসক সফিপুর ইউনিয়ন ভূমি অফিসও পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।