মাদারীপুরের সদর উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল সিগারেটসহ তিনজনকে আটক করেছে পুলিশ। এ সময় একটি কাভার্ড ভ্যানও জব্দ করা হয়। বুধবার (১ জুলাই) মাদারীপুর সদর মডেল থানায় এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা এ তথ্য জানিয়েছেন।
পুলিশ জানায়, বুধবার ভোর ৪টার দিকে উপজেলার ঝাউদী ইউনিয়নের মোবারকদি গ্রামে অভিযান পরিচালনা করে সদর থানার মোবাইল টিম। এসময় সন্দেহভাজন একটি কাভার্ড ভ্যান থামিয়ে তল্লাশি করে ১১০ কার্টনে বিভিন্ন ব্র্যান্ডের প্রায় ১১ লাখ শলাকা নকল সিগারেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া নকল সিগারেটগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৬৬ লাখ টাকা।
এছাড়া এসব সিগারেটের মাধ্যমে সরকারকে প্রায় ৫৪ লাখ টাকার রাজস্ব (ভ্যাট ও শুল্ক) ফাঁকি দেওয়ার চেষ্টা করা হচ্ছিল। ফলে জব্দকৃত পণ্যের মূল্য এবং সম্ভাব্য রাজস্ব ফাঁকি মিলিয়ে মোট আর্থিক পরিমাণ দাঁড়ায় প্রায় ১ কোটি ১৯ লাখ ৫০ হাজার টাকা।
অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়েছে। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে এ চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও আইনের আওতায় আনতে চেষ্টা চলছে।