যশোরের চিহ্নিত সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি সাইদ সরদার ওরফে ‘চশমা সাইদ’কে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৪ জুন) সকালে যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের রঘুরামপুর গ্রামে নিজ বাড়ির পাশের একটি ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত সাইদ সরদার ওই গ্রামের নয়া সরদারের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, তার বিরুদ্ধে অস্ত্র, চাঁদাবাজি, হত্যাচেষ্টা ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।
স্থানীয়রা জানান, সকালে বাড়ির পাশের ঝোপে রক্ত দেখতে পেয়ে তাদের সন্দেহ হয়। পরে সেখানে গিয়ে তারা সাইদের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন। মরদেহের পাশ থেকে একটি ধারালো চাকুও উদ্ধার করা হয়। পরে স্থানীয়রা পুলিশে খবর দেন।
খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং তদন্ত শুরু করে। স্থানীয়দের ধারণা, মাদক ব্যবসা বা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। হত্যার কারণ উদঘাটন এবং ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।