চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বাস ও লেগুনার সংঘর্ষে চার জন নিহত হয়েছেন। এ ঘটনায় প্রায় ২৬ জন যাত্রী আহত হয়েছেন। শুক্রবার (২৯ মে) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
এর আগে বৃহস্পতিবার (২৮ মে) রাত ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ভেল্লাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— পটিয়া উপজেলার খরনা ইউনিয়নের দুলা মিয়ার বাড়ির দুলা মিয়ার ছেলে মো. ইউসুফ (৫৩), একই উপজেলার আশিয়াশ ইউনিয়নের মোল্লাপাড়া খন্দকার বাড়ির মবিনুল ইসলামের ছেলে রুবেল (২৬), পটিয়া পৌরসভার গোবিন্দখীল এলাকার অলি মিস্ত্রির বাড়ির বাদশা মিয়ার ছেলে হারুনুর রশিদ (৫১) এবং শিকলবাহা ইউনিয়নের খুরাইশ চৌধুরী বাড়ির নূর হোসেনের ছেলে সজিব হোসেন (২৬)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ভেল্লাপাড়া এলাকায় ঈগল পরিবহনের একটি বাস ও লেগুনার সংঘর্ষ হয়। এতে প্রায় ৩০ জন যাত্রী আহত হন। আহতদের মধ্যে ১৪ জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। পরে ওইদিন দিবাগত রাত ১টার দিকে আরও একজন মারা যান।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, কর্ণফুলী থানাধীন ভেল্লাপাড়া এলাকায় বাস ও লেগুনার সংঘর্ষে আহতদের হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে গুরুতর আহত সজিব হোসেন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।