যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য একটি সমঝোতা স্মারকের খসড়া সম্প্রতি ‘পরিবর্তন করা হয়েছে এবং এটি এখনো চূড়ান্ত নয়’। একটি সূত্রের বরাতে শুক্রবার (২৯ মে) এ তথ্য জানিয়েছে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্র সম্ভাব্য এই চুক্তি নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের সমালোচনা করে বলেছে, এতে উল্লেখ করা কিছু বিবরণ ‘ঠিক নয়’।
এর আগে মার্কিন সূত্রগুলো আল জাজিরাকে জানিয়েছিল, দুই দেশের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরও ৬০ দিন বাড়ানোর এবং স্থায়ীভাবে যুদ্ধ অবসানের লক্ষ্যে আলোচনা শুরু করার বিষয়ে একটি প্রাথমিক রূপরেখায় পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান।
তবে এই চুক্তির জন্য এখনো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চূড়ান্ত অনুমোদনের প্রয়োজন রয়েছে।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম অ্যাক্সিওস এর আগে তাদের এক প্রতিবেদনে জানিয়েছিল, সম্ভাব্য এই চুক্তির শর্ত অনুযায়ী, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল ‘অবাধ ও উন্মুক্ত’ থাকবে। বিনিময়ে ইরানের বন্দরগুলোর ওপর থেকে নৌ অবরোধ তুলে নেবে যুক্তরাষ্ট্র।