জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় এক সৌদি প্রবাসী যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (২৬ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার তিলকপুর খিরাহাটি রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
নিহত ব্যক্তির নাম মাসুম মণ্ডল (২৩)। তিনি নওগাঁ সদর উপজেলার শ্রীধরপুর গ্রামের মিলন মণ্ডলের ছেলে। প্রায় এক বছর আগে দেশে ফেরেন তিনি। আটক ব্যক্তির নাম গোলাম মোস্তফা (৫৮)। তিনি মাসুমের চাচা বলে জানিয়েছে পুলিশ।
বুধবার সকালে আক্কেলপুর থানায় গিয়ে দেখা যায়, মাসুমের মা রুমি আক্তার থানায় বসে বিলাপ করছেন। স্বজনেরা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিলেন। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘তোরা জমি লিবি লে, মোর বুকের ধনের ম্যারে ফেললু ক্যান। হামি তোরকে ফাঁসি চাই।’
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মাসুমের দাদার কাছ থেকে কিছু জমি কিনেছিলেন গোলাম মোস্তফা। তবে অভিযোগ আছে, তিনি কেনা জমির চেয়ে বেশি জমি ভোগদখল করছিলেন। পরে মাসুমের বাবা ও চাচারা জমি মাপজোখ করে দখলে থাকা অতিরিক্ত অংশ উদ্ধার করেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
স্বজনদের দাবি, ওই বিরোধকে কেন্দ্র করেই এর আগেও মাসুমের দাদা ফজলুর রহমান ও তার ছেলে রতন মণ্ডল (মাসুমের চাচা) নিহত হন। এসব ঘটনায়ও গোলাম মোস্তফা ও তার লোকজনের সম্পৃক্ততার অভিযোগ আছে। এসব ঘটনায় করা মামলায় গোলাম মোস্তফা ও তার লোকজনকে আসামি করা হয়েছিল।
স্বজনেরা বলেন, মঙ্গলবার বিকেলে মাসুম মণ্ডল তিলকপুর বাজারে যান। রাতে বন্ধুদের বাড়ি পৌঁছে দিয়ে মোটরসাইকেলে ফেরার সময় খিরাহাটি রেলগেট এলাকায় পৌঁছালে তার ওপর হামলা চালানো হয়। অভিযোগ আছে, এ সময় গোলাম মোস্তফার ছেলে শিবলু, হানিফ ও তাদের ভগ্নিপতি উজ্জ্বল হোসেন মাসুমকে পিঠ ও বুকে ছুরিকাঘাত করেন। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় মাসুমকে উদ্ধার করে নওগাঁ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
মাসুমের ফুফু বিথী খাতুন বলেন, ‘জমি নিয়ে আমার বাবা ফজলুর রহমান ও ভাই রতন মণ্ডলকে হত্যা করা হয়েছিল। এবার আমার ভাতিজা মাসুম মণ্ডলকেও খুন করা হলো। জমি নিয়ে তিনটি তাজা প্রাণ চলে গেল। কিন্তু আমরা কোনো বিচার পাচ্ছি না।’
ঘটনার পর গোলাম মোস্তফা পালিয়ে সান্তাহার রেলস্টেশনে যান বলে জানিয়েছে পুলিশ। পরে গভীর রাতে অভিযান চালিয়ে তাকে আটক করে আক্কেলপুর থানায় নেওয়া হয়।
গোলাম মোস্তফাকে আটকের তথ্য নিশ্চিত করে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা বলেন, একজনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।