হঠাৎ কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে চরম দুর্ভোগে পড়েছে ঢাকা-চাঁদপুর নৌপথের যাত্রীরা। প্রবল ঝড় ও দমকা হাওয়ার তাণ্ডবে চাঁদপুর লঞ্চঘাটে নোঙর করা একাধিক লঞ্চ, পন্টুন ও জেটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় ঘাটে ভিড়তে গিয়ে দুই যাত্রীবাহী লঞ্চের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়। এ ছাড়া ঝড়ের কারণে কয়েক ঘণ্টা ধরে ঘাটে ও লঞ্চে আটকা পড়ে থাকে হাজারো যাত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার (২৫ মে) দুপুরের দিকে আকস্মিক কালবৈশাখী ঝড় শুরু হলে চাঁদপুর লঞ্চঘাট এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রবল বাতাস ও উত্তাল নদীর মধ্যে ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী লঞ্চগুলো ঘাটে ভিড়তে গিয়ে বিপাকে পড়ে। এ সময় যাত্রীবাহী ‘ঈগল-৭’ লঞ্চে থাকা যাত্রীরা নামার প্রস্তুতি নিচ্ছিল। ঠিক তখনই আরেক যাত্রীবাহী লঞ্চ ময়ূর-২ নিয়ন্ত্রণ হারিয়ে ঈগল-৭ লঞ্চটিকে ধাক্কা দেয়।
সংঘর্ষের কারণে ঈগল-৭ লঞ্চটি হেলে পড়লে যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক দেখা দেয়। প্রাণ বাঁচাতে অনেকে ব্যাগ ও মালামাল ফেলে দ্রুত নামার চেষ্টা করে। এতে হুড়োহুড়ির সৃষ্টি হলে নারী, শিশুসহ অন্তত ১০ জন আহত হয়। আহতদের মধ্যে কয়েকজনকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে ঘটনার পরপরই ঘাট এলাকায় দায়িত্বে থাকা নৌপুলিশ, কোস্ট গার্ড, ফায়ার সার্ভিস ও স্কাউট সদস্যরা উদ্ধার ও নিরাপত্তা কার্যক্রম শুরু করেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আতঙ্কিত যাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
লঞ্চঘাট সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, বৈরী আবহাওয়ার কারণে কিছু সময়ের জন্য নৌযান চলাচলে বিঘ্ন ঘটে। পরে আবহাওয়া স্বাভাবিক হলে যাত্রীদের ফেলে যাওয়া ব্যাগ ও মালামাল বুঝিয়ে দেওয়ার কাজ শুরু হয়।