সুন্দরবনে জলদস্যুদের হাতে অপহৃত হওয়ার তিন দিন পর ৫০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে বাড়িতে ফিরেছেন ইসমাইল শেখ (২৮) নামের এক জেলে।
মঙ্গলবার (৫ মে) রাতে জলদস্যুদের জিম্মিদশা থেকে মুক্ত হয়ে বুধবার (৬ মে) সকালে তিনি বাড়ি পৌঁছান। ইসমাইল শেখ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার হরিনগর গ্রামের মিজানুর শেখের ছেলে। গত রোববার (৩ মে) সকালে সুন্দরবনে মাছ ধরার সময় তিনি জলদস্যুদের হাতে জিম্মি হন।
ইসমাইলের পরিবার জানায়, সুন্দরবনের মাহমুদা নদীর মাইটভাঙা খাল থেকে ‘আলিম ওরফে আলিফ বাহিনী’র সদস্যরা অস্ত্রের মুখে ইসমাইলকে অপহরণ করে নিয়ে যায়। এরপর তার মুক্তির জন্য বড় অঙ্কের টাকা দাবি করে। মঙ্গলবার দুপুরে দস্যুদের দেওয়া একটি বিকাশ নম্বরে ৫০ হাজার টাকা পাঠানো হয়। টাকা পাওয়ার পর ওই রাতেই তাকে লোকালয়ে ফিরে আসা একটি জেলেদের নৌকায় তুলে দেয় দস্যুরা।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মশিউর রহমান জানান, এক জেলে অপহরণ হওয়ার খবর তারা শুনেছেন। তবে মুক্তিপণের টাকা দিয়ে ওই জেলে ফিরে এসেছেন কি না, সে বিষয়ে বন বিভাগকে কেউ কিছু জানায়নি।