চলমান আইপিএলে রান পাচ্ছেন নিয়মিতই, তবু লোকেশ রাহুলকে ঘিরে থামছে না আলোচনা। কারণ, বড় ইনিংস খেললেও তার ব্যাটিংয়ের ধারাবাহিকতা ও গতি নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক ভারতীয় ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকার।
চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচে দিল্লি ক্যাপিটালসের শুরুটা ছিল ধীরগতির। ওপেনিংয়ে নেমে স্বাভাবিক ছন্দে দেখা যায়নি রাহুলকে। পাওয়ার প্লেতে রান তুলতে বেশ কষ্ট করতে হয় তাকে। শেষ পর্যন্ত ১৩ বলে মাত্র ১২ রান করে ফিরে যান এই ব্যাটার। দলের শক্তিশালী ব্যাটিং লাইনআপ থাকা সত্ত্বেও দিল্লি তুলতে পারে ১৫৬ রান। পরে সাঞ্জু স্যামসনের অপরাজিত ৮৭ রানের ইনিংসে সহজ জয় পায় চেন্নাই।
ম্যাচ শেষে রাহুলের ইনিংস নিয়েই কড়া মন্তব্য করেন মাঞ্জরেকার। তার মতে, দিল্লির পরাজয়ের অন্যতম বড় কারণ ছিল রাহুলের ধীর ব্যাটিং। তিনি বলেন, কখনও রাহুল শুরু থেকেই আক্রমণাত্মক খেলেন, আবার কখনও অতিরিক্ত দায়িত্ব নিতে গিয়ে দলের রান তোলার গতি কমিয়ে দেন। আধুনিক টি-টোয়েন্টিতে যেখানে ওপেনাররা শুরু থেকেই চাপ তৈরি করেন, সেখানে পাওয়ার প্লেতে ১২ বলে ১২ রান মোটেও প্রত্যাশিত নয় বলেও মন্তব্য করেন তিনি।
মাঞ্জরেকারের মতে, এক ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করার পর পরের ম্যাচে এমন ধীর ইনিংস পুরো দলের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। টি-টোয়েন্টিতে শুরু থেকেই গতি ধরে রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলেও মনে করেন তিনি।
তবে সমালোচনার মাঝেও দুর্দান্ত ছন্দে আছেন রাহুল। রাজস্থান রয়্যালসের বিপক্ষে রান তাড়ায় খেলেছিলেন গুরুত্বপূর্ণ ৭৫ রানের ইনিংস। এছাড়া পাঞ্জাব কিংসের বিপক্ষে অপরাজিত ১৫২ রান করে ভারতীয় ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরের রেকর্ডও গড়েছেন তিনি।
এখন পর্যন্ত টুর্নামেন্টে ১০ ম্যাচে ৪৪৫ রান করেছেন রাহুল। তার গড় ৪৯.৪৪, আর স্ট্রাইক রেট ১৮০-এর বেশি। পরিসংখ্যান তার পক্ষেই কথা বলছে, কিন্তু ব্যাটিংয়ের ধরন নিয়ে বিতর্ক যেন পিছু ছাড়ছে না এই ভারতীয় তারকার।