মেহেরপুরের তিন উপজেলা থেকে বিভিন্ন সময় হারানো ও চুরি হওয়া ৮২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে পুলিশ। একই সঙ্গে বিকাশ ও নগদসহ বিভিন্ন মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট থেকে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ১৩ লাখ ৭২ হাজার টাকা উদ্ধার করে ভুক্তভোগীদের ফিরিয়ে দেওয়া হয়েছে। এছাড়া দুইজন নিখোঁজ ব্যক্তিকেও উদ্ধার করেছে পুলিশের সাইবার টিম।
বৃহস্পতিবার (৭ মে) বেলা সাড়ে ১১টার দিকে মেহেরপুর পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে ভুক্তভোগীদের মোবাইল ও টাকা বুঝিয়ে দেওয়া হয়।
পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় বলেন, “তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে সাইবার অপরাধও বাড়ছে। এসব অপরাধ প্রতিরোধে প্রযুক্তির পাশাপাশি জনসচেতনতার বিকল্প নেই।”
এসময় তিনি মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। বিশেষ করে অপরিচিত লিংকে প্রবেশ না করা, ব্যক্তিগত তথ্য ও ওটিপি শেয়ার না করা এবং যেকোনো আর্থিক লেনদেনের আগে যাচাই-বাছাই করার পরামর্শ দেন তিনি।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মো. জামিনুর রহমান খান, মেহেদী হাসান দিপু, ডিবির ওসি মুজাহিদ মোর্শেদ চৌধুরীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।