প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের দেওয়া ম্যান্ডেটের ভিত্তিতেই রাষ্ট্র পরিচালনা ও উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া হবে এবং ঘোষিত প্রতিটি কর্মসূচি বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ। তিনি বলেন, জনগণের আস্থা, দোয়া ও সক্রিয় অংশগ্রহণ ছাড়া কোনো উন্নয়ন টেকসই হতে পারে না।
সোমবার (২০ এপ্রিল) নিজ জন্মভূমি বগুড়া আলতাফুন্নেসা খেলার মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জনসভায় তিনি উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন, রাজনৈতিক বিভ্রান্তি মোকাবিলা এবং ঘোষিত ‘জুলাই সনদ’ অনুযায়ী রাষ্ট্র পরিচালনার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
প্রধানমন্ত্রী বলেন, পূর্বে জনগণের সামনে যেসব উন্নয়ন পরিকল্পনা উপস্থাপন করা হয়েছে, সেগুলো ইতোমধ্যেই বাস্তবায়ন প্রক্রিয়ায় রয়েছে। এসব উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে বগুড়াসহ সারাদেশের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতি আরও ত্বরান্বিত হবে।
তিনি অভিযোগ করে বলেন, একটি স্বার্থান্বেষী মহল রাজনৈতিক উদ্দেশ্যে বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছে এবং ব্যক্তিগত ঘটনাকে রাজনৈতিক ইস্যুতে রূপান্তর করে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। তিনি অতীতের উদাহরণ টেনে বলেন, এ ধরনের অপচেষ্টা নতুন নয় এবং জনগণকে এ বিষয়ে সজাগ থাকতে হবে।
তারেক রহমান আরও বলেন, জনগণ নির্বাচনের মাধ্যমে বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে এবং সেই ম্যান্ডেটের ভিত্তিতেই ‘জুলাই সনদ’সহ ঘোষিত সব কর্মসূচি বাস্তবায়ন করা হবে। জনগণের জীবনমান উন্নয়নই সরকারের মূল লক্ষ্য।
উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে তিনি বগুড়া–সিরাজগঞ্জ রেললাইন প্রকল্প দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন। পাশাপাশি কৃষিনির্ভর এই অঞ্চলের উৎপাদিত পণ্য আন্তর্জাতিক বাজারে পৌঁছাতে বগুড়া বিমানবন্দরকে কার্গো সুবিধার আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
শিক্ষা খাতে গুরুত্ব দিয়ে তিনি বগুড়ায় একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনার কথা তুলে ধরেন। প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ে কৃষি, প্রকৌশল ও চিকিৎসা অনুষদ অন্তর্ভুক্ত থাকবে বলে উল্লেখ করেন তারেক রহমান।
এছাড়া তিনি ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালু, খাল খনন, বৃক্ষরোপণ এবং কর্মসংস্থান সৃষ্টির মতো বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের কথা জানান। তিনি বলেন, এসব প্রকল্প দেশের গ্রামীণ অর্থনীতি ও বেকারত্ব নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জনসভায় তিনি জনগণের উদ্দেশে বলেন, উন্নয়ন কার্যক্রম সফল করতে জনগণের সক্রিয় সহযোগিতা অপরিহার্য। একই সঙ্গে তিনি সবাইকে বিভ্রান্তিকর প্রচারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানান।
বক্তব্যের শেষে প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে হবে।
সমাবেশের সভাপতিত্ব করেন বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। সঞ্চালনা করেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন। এ সময় জেলার বিভিন্ন আসনের সংসদ সদস্যরা, জেলা বিএনপির বিভিন্ন ইউনিট ও অঙ্গ সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন।