ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় দ্বীন ইসলাম (৩০) নামে এক কনটেন্ট ক্রিয়েটরকে বাড়ি থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে উপজেলার মেহারী ইউনিয়নের শিমরাইল গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত দ্বীন ইসলাম একই গ্রামের সফিকুর ইসলাম ও পারুলী বেগমের ছেলে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইউটিউবে ‘তালাশ ক্রাইম দৃষ্টি’ নামে একটি পেইজ পরিচালনা করতেন, যেখানে মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে ভিডিও প্রকাশ করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে ২০ থেকে ৩০ জনের একটি সংঘবদ্ধ দল তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। পরে বেধড়ক মারধর করে গুরুতর আহত অবস্থায় বুড়ি নদী পার করে কুমিল্লার বাঙ্গরা থানার গাঙ্গেরকুট এলাকায় ফেলে রেখে যায়।
পরিবারের সদস্যরা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। পরে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবারের অভিযোগ, অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে ভিডিও প্রকাশ করায় ক্ষুব্ধ হয়ে একটি প্রভাবশালী চক্র পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে। এ ঘটনায় স্থানীয় সাবেক ইউপি সদস্য মো. আবদুল আওয়াল ও তার সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করে আবদুল আওয়াল দাবি করেন, তাকে ষড়যন্ত্রমূলকভাবে এ ঘটনায় জড়ানো হচ্ছে।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা জানান, কয়েকজন ব্যক্তি তাকে তুলে নিয়ে মারধর করে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।