পবিত্র ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে বুধবার (১৮ মার্চ) সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে শাওয়াল মাসের চাঁদ দেখার প্রস্তুতি নেওয়া হচ্ছে। সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, বুধবার (১৮ মার্চ) এই দেশগুলোতে ২৯ রমজান পালিত হচ্ছে।
তবে জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব বলছে যে আজ বিশ্বের কোথাও খালি চোখে চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা নেই, কারণ চাঁদ সূর্যাস্তের আগেই অস্ত যাবে। বাহরাইন, কুয়েত, ফিলিস্তিন ও ইরাকের মতো দেশগুলোতেও আজ চাঁদ পর্যবেক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু আধুনিক বিজ্ঞানের পূর্বাভাস অনুযায়ী আজ চাঁদ দেখা পাওয়া প্রায় অসম্ভব।
অন্যদিকে তুরস্ক, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভারত ও পাকিস্তানসহ এশিয়ার অধিকাংশ দেশে আগামীকাল বৃহস্পতিবার ২৯ রমজান পালিত হবে এবং সেদিন সূর্যাস্তের পর চাঁদ দেখার চেষ্টা করা হবে।
বিশেষজ্ঞরা জানিয়েছেন যে পূর্বাঞ্চলীয় দেশগুলোতে আজ চাঁদ দেখা একেবারেই অসম্ভব এবং মধ্যাঞ্চলেও তা অত্যন্ত কঠিন হবে। ফলে প্রচলিত চাঁদ দেখা পদ্ধতি এবং আধুনিক জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়েই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।
সার্বিক পরিস্থিতি বিবেচনায় বিশ্বের অধিকাংশ দেশে ঈদুল ফিতর আগামী শুক্রবার বা শনিবার উদযাপিত হতে পারে, যা মূলত চাঁদ দেখার চূড়ান্ত ঘোষণার ওপর নির্ভর করছে।