মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের আহ্বান জানিয়ে জুলাই জাতীয় সনদ ২০২৫ দ্রুত বাস্তবায়নে তাগিদ দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। মঙ্গলবার (২৪ মার্চ) এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলমের পাঠানো বিবৃতিতে এসব কথা বলা হয়।
বিবৃতিতে শফিকুর রহমান বলেন, ১৯৭১ সালের ২৬ মার্চ দেশের বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী জনতা গণতন্ত্র, আইনের শাসন, ন্যায়বিচার, মতপ্রকাশের স্বাধীনতা ও মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে তৎকালীন শাসকগোষ্ঠীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল। মহান মুক্তিযুদ্ধের মূল লক্ষ্য ছিল সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠা।
তিনি উল্লেখ করেন, ক্ষুধা-দারিদ্র্য, বেকারত্ব ও দুঃশাসনমুক্ত দেশ গড়ার প্রত্যাশা নিয়ে সর্বস্তরের মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং লাখো মানুষের রক্তের বিনিময়ে দেশ স্বাধীনতা অর্জন করে। তবে স্বাধীনতার ৫৫ বছর পরও জনগণের বহু প্রত্যাশা অপূর্ণ রয়ে গেছে।
বিরোধীদলীয় নেতা বলেন, ২০২৪ সালে ছাত্র-জনতার জুলাই গণআন্দোলনের মাধ্যমে দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদী শাসন থেকে দেশ মুক্ত হয়েছে। পরবর্তীকালে ফ্যাসিবাদমুক্ত পরিবেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়ে নতুন সরকার গঠিত হয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে কেউ আর ফ্যাসিবাদী আচরণে ফিরে যাবে না এবং দেশবাসী ভয়ভীতিমুক্তভাবে চলাফেরা ও মতপ্রকাশ করতে পারবে।
তিনি আরও বলেন, দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা, নাগরিকদের জানমাল ও ইজ্জত-আব্রুর নিরাপত্তা নিশ্চিত করা এবং ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলবাজিমুক্ত পরিবেশ গড়ে তোলাই এখন সময়ের দাবি। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই যেন শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে, সেটিই হওয়া উচিত রাষ্ট্রের লক্ষ্য।
জুলাই জাতীয় সনদ ২০২৫ প্রসঙ্গে তিনি বলেন, দেশের রাজনৈতিক দলগুলো এ সনদে স্বাক্ষর করেছে এবং গণভোটে প্রায় ৭০ শতাংশ নাগরিক এর পক্ষে মত দিয়েছে। কিন্তু বাস্তবায়নে সরকারের অনীহা উদ্বেগজনক। এ বিষয়ে কোনো ধরনের টালবাহানা জনগণ মেনে নেবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন। অবিলম্বে সরকারকে সনদ বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
বিবৃতিতে তিনি মহান স্বাধীনতা দিবসে বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। একই সঙ্গে ২০২৪ সালের জুলাই গণআন্দোলনের শহীদ, আহত ও পঙ্গুত্ববরণকারীদের স্মরণ করেন এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
বিশ্ব পরিস্থিতির প্রসঙ্গ টেনে জামায়াত আমির বলেন, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে চলমান সংঘাতের কারণে মানবতা হুমকির মুখে পড়েছে। এ সংকটময় সময়ে তিনি দেশবাসীর সুখ-সমৃদ্ধি কামনা করেন এবং আল্লাহর কাছে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য দোয়া করেন।