রাজধানীর শাহবাগ থানায় বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে দেয়াল-লিখনকে কেন্দ্র করে উত্তেজনার জেরে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তিমূলক ছবি পোস্টের অভিযোগে মামলা করতে রাতে শাহবাগ থানায় যায় ছাত্রদলের নেতাকর্মীরা। এ খবর পেয়ে সেখানে উপস্থিত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন সাংবাদিক, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সদস্য এবং ডাকসুর কয়েকজন প্রতিনিধি। পরে বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।
পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠলে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। একপর্যায়ে শাহবাগ থানার ভেতরে ঢুকে ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দিকের ওপর হামলার অভিযোগ ওঠে। এ সময় ডাকসুর সমাজসেবা সম্পাদক এ বি জুবায়েরও থানার ভেতরে আটকা পড়েন।
এর আগে সন্ধ্যায় ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি ও জাইমা রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করে ছাত্রদল। পরে এ বি জুবায়ের ও মুসাদ্দিকের নেতৃত্বে ছাত্রশিবিরের নেতাকর্মীরা সেখানে গেলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। হামলার মুখে পরে থানার ভেতরে আশ্রয় নেন ডাকসুর ওই দুই নেতা।