ভয়াবহ আকস্মিক বন্যায় কমপক্ষে ৪৬৯ জন নিহত এবং প্রায় দেড় হাজার মানুষ নিখোঁজ হওয়ার পর কয়েকটি দেশ থেকে উদ্ধারকারী দল পাঠানোর প্রস্তাব ফিরিয়ে দিয়েছে নেপাল।
দেশটির সরকার বলেছে, উদ্ধার অভিযান পরিচালনার সক্ষমতা তাদের নিজস্ব নিরাপত্তা বাহিনীর রয়েছে।
বুধবার নেপাল-চীন সীমান্তের কাছে ভোতে কোশি ও ত্রিশূলী নদী অববাহিকায় আকস্মিক বন্যার পর কাদা ও ধ্বংসাবশেষের মধ্যে নিখোঁজদের সন্ধানে উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।
এর মধ্যেই বিদেশি উদ্ধারকারী দল না নেওয়ার সিদ্ধান্ত জানাল নেপাল।
কাঠমান্ডু পোস্ট আজ শুক্রবার জানিয়েছে, নিজেদের উদ্ধারকর্মী পাঠানোর বিষয়ে কয়েকটি দেশ ও আন্তর্জাতিক সংস্থা নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিকভাবে একাধিকবার প্রস্তাব দিয়েছে।
তবে নেপালের কর্মকর্তারা জানিয়েছেন, নিরাপত্তা বাহিনীর সদস্যরাই উদ্ধার অভিযান পরিচালনা করবেন। এটাই নেপাল সরকারের সিদ্ধান্ত।
বাংলাদেশ, ভারত, চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, দক্ষিণ কোরিয়া ও শ্রীলঙ্কা উদ্ধার ও অনুসন্ধানকাজে সহায়তার আগ্রহ প্রকাশ করা দেশগুলোর মধ্যে রয়েছে বলে সংবাদপত্রটি জানিয়েছে।
আকস্মিক বন্যায় শত শত ভারতীয় নাগরিক নিখোঁজের খবর পাওয়ার পর ভারত তাদের জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) মোতায়েনের অনুমতি চেয়েছিল।
তবে সেই অনুরোধ প্রত্যাখ্যান করে নেপাল সরকার।
নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা কাঠমান্ডু পোস্টকে বলেন, ‘চীনসহ অন্যান্য দেশও একই ধরনের অনুরোধ জানিয়েছিল। কিন্তু আমাদের সেসব অনুরোধ ফিরিয়ে দিতে হয়েছে।’