নেপালে হিমবাহধসে সৃষ্ট আকস্মিক বন্যায় কয়েক ঘণ্টার মধ্যে একের পর এক শহর নিশ্চিহ্ন হয়ে গেছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল। প্রাথমিক হিসাব অনুযায়ী, এ দুর্যোগে ১৬০ জন নিহত হয়েছেন। হাজারো মানুষের এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি।
আজ বৃহস্পতিবার কাঠমান্ডুতে আয়োজিত এনডিটিভি ওয়ার্ল্ড অন্বীক্ষা সামিটে পররাষ্ট্রমন্ত্রী জানান, নেপালের রসুওয়া অঞ্চলে এই ভয়াবহ দুর্যোগে হাজারো মানুষ নিখোঁজ রয়েছেন।
তিনি বলেন, ‘হাজারো পরিবার তাদের বাড়িঘর হারিয়েছে। এখন পর্যন্ত অনেকের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আমরা এখনো এই দুর্যোগের পূর্ণ মাত্রা নিরূপণের চেষ্টা করছি।’
বুধবারের আকস্মিক এই বন্যায় অন্তত ৩০০ ভারতীয় নাগরিক নিখোঁজ হয়েছেন বলে জানান শিশির। তাদের বেশির ভাগই মানস সরোবরের তীর্থযাত্রী।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভারতীয়সহ বিদেশি নাগরিকেরা মানস সরোবর যাত্রার জন্য ক্ষতিগ্রস্ত এলাকার পথ ব্যবহার করেন। প্রায় ৩০০ ভারতীয় নিখোঁজ হয়েছেন বলে খবর পাওয়া গেছে। তাদের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা করছে সরকার।’
বর্তমানে প্রায় ৫০০ বিদেশি নাগরিকের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না বলেও জানান মন্ত্রী।
তিনি বলেন, নিখোঁজ বিদেশি নাগরিকদের নিরাপত্তার বিষয়ে নেপাল সরকার সংশ্লিষ্ট দেশগুলোর দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।
‘নেপালের নাগরিকদের মতোই বিদেশি নাগরিকদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ,’ যোগ করেন পররাষ্ট্রমন্ত্রী।