ইনস্টিটিউট অব হযরত মোহাম্মদ (সা.)-এর আয়োজন
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৃষ্টিপ্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের অংশগ্রহণে দেশব্যাপী প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) রাজধানীর বনানীর শেরাটন হোটেলে ইনস্টিটিউট অব হযরত মোহাম্মদ (সা.) আয়োজিত মাসব্যাপী কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে এ পুরস্কার বিতরণ করা হয়। ১২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি উপলক্ষে আয়োজিত এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীরা বিভিন্ন বয়সভিত্তিক বিভাগে অংশ নেন।
প্রতিযোগিতায় পবিত্র কোরআন তেলাওয়াত, হামদ ও নাতে রাসুল (সা.) এবং রচনা—এই তিনটি বিভাগ ছিল। এবারের প্রতিযোগিতার প্রতিপাদ্য ছিল ‘আইনের শাসন প্রতিষ্ঠার জন্য মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর শিক্ষা’। অংশগ্রহণকারীরা অনলাইনে তাদের পরিবেশনা ও লেখা জমা দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি ফয়েজ আহমেদ, ইনস্টিটিউট অব হযরত মোহাম্মদ (সা.)-এর সভাপতি লেফটেন্যান্ট জেনারেল (অব.) এম. নুরুদ্দিন খান, ইরানের দূতাবাসের প্রথম কাউন্সেলর এসরাফিল আমিরি গোর্জাদ্দিনি, ঢাকা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ওসমান এরশাদ ফয়েজ এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক এনামুল হক।
অনুষ্ঠানে প্রধান অতিথি এক দশকেরও বেশি সময় ধরে এমন অন্তর্ভুক্তিমূলক ও সচেতনতামূলক কর্মসূচি আয়োজনের জন্য ইনস্টিটিউটের প্রশংসা করেন। তিনি সমাজে প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত ব্যক্তিদের জন্য সমান সুযোগ সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথিরাও দৃষ্টিপ্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের জন্য এমন একটি মঞ্চ তৈরি করায় আয়োজকদের প্রশংসা করেন। তারা শিক্ষার্থীদের নিজেদের সম্ভাবনাকে কাজে লাগাতে কঠোর পরিশ্রমের আহ্বান জানান এবং অনুষ্ঠানে তাদের পরিবেশনার প্রশংসা করেন।
ইনস্টিটিউটের সভাপতি লেফটেন্যান্ট জেনারেল (অব.) এম. নুরুদ্দিন খান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। তিনি শান্তি, সহনশীলতা ও সমতার বিষয়ে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর শিক্ষাকে আরও ব্যাপকভাবে মানুষের কাছে তুলে ধরার ওপর গুরুত্ব দেন।
অনুষ্ঠানে ইরানের রাষ্ট্রদূত ড. জলিল রহিমি জাহানাবাদীও বক্তব্য দেন। তিনি ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত এ ধরনের কর্মসূচির তাৎপর্য তুলে ধরেন।
আয়োজকরা জানান, ২০০৪ সাল থেকে ইনস্টিটিউট অব হযরত মোহাম্মদ (সা.) প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ইংরেজি ও আরবি ভাষা, তথ্যপ্রযুক্তি এবং ব্রেইল পদ্ধতির ওপর জাকাতভিত্তিক বিনামূল্যে প্রশিক্ষণ কোর্স পরিচালনা করে আসছে। পাশাপাশি পবিত্র রবিউল আউয়াল মাস উপলক্ষে প্রতিবছর প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য মেধা ও প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এ পর্যন্ত ইনস্টিটিউটের মাধ্যমে ১ হাজার ৫০০-এর বেশি দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।