ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এখনো জীবিত আছেন বলে মনে করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত ফেব্রুয়ারিতে তার বাবা ও তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর মার্চে তার স্থলাভিষিক্ত হন মোজতবা। এরপর তাকে জনসম্মুখে দেখা যায়নি।
যুক্তরাষ্ট্রের রক্ষণশীল চিন্তাধারার রেডিও উপস্থাপক গ্লেন বেককে গতকাল বুধবার দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প তার এই বিশ্বাসের কথা জানান।
আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি মনে করি না, তিনি (মোজতবা খামেনি) মারা গেছেন। গুরুতর আহত হয়েছিলেন তিনি। তার শরীরের বাম পাশ, হাত-পায়ে আঘাত লাগে। তবে আমি মনে করি না, তিনি মারা গেছেন।’
দীর্ঘদিন ধরে জনসম্মুখে মোজতবা খামেনির অনুপস্থিতি এবং ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অভিজ্ঞ কয়েকজন কর্মকর্তার ক্ষমতার কেন্দ্রে উঠে আসার ঘটনায় এমন জল্পনা তৈরি হয়েছে, খামেনি হয়তো মারা গেছেন অথবা তিনি আর পুরোপুরি ক্ষমতা প্রয়োগ করতে পারছেন না।
ট্রাম্প এরই মধ্যে একাধিকবার ইরানের বিরুদ্ধে বিজয় ঘোষণা করেছেন। তবে এখনো তিনি ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বা দেশটির পরমাণু জ্বালানি সমর্পণে বাধ্য করতে পারেননি।
সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমরা খুব শিগগিরই বড় একটি বিজয় অর্জন করতে যাচ্ছি।’
হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্প দাবি করেন, ইরানের সামরিক বাহিনী সেখানে জাহাজ চলাচলে বিঘ্ন সৃষ্টি করা এবং ব্যাপকভাবে তা বন্ধ করে দেওয়ার পরও প্রণালিটি আসলে পুরোপুরি খোলা রয়েছে।
তিনি বলেন, ‘আপনারা বলতে পারেন, প্রণালিটি খোলা। আমরা এখন অনেক জাহাজ এই প্রণালি দিয়ে নিয়ে যাচ্ছি। আমরা জাহাজগুলো ভেতরে নিয়ে যাচ্ছি। মাইনগুলো সরিয়ে ফেলা হয়েছে।’
ট্রাম্প বলেন, ‘আমরা ইরানকে পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দিতে পারি না। পুরো বিষয়টির ৯৯ দশমিক ৯ শতাংশ এ নিয়েই। আমরা তাদের তা করতে দিতে পারি না। কারণ তারা উন্মাদ এবং তারা এটি ব্যবহার করবে।’