দক্ষিণ ভারতের রাজ্য কেরালার নতুন নাম ‘কেরালাম’ হিসেবে কার্যকর হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) থেকে রাজ্যটির নাম পরিবর্তনের বিষয়টি কার্যকর করে গেজেট বিজ্ঞপ্তি জারি করেছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মঙ্গলবার জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘কেরালা (অল্টারেশন অব নেম) অ্যাক্ট, ২০২৬’-এর ধারা ১-এর উপধারা (২)-এ দেওয়া ক্ষমতাবলে কেন্দ্রীয় সরকার ২০২৬ সালের ২৫ আগস্টকে আইনটির বিধান কার্যকর হওয়ার তারিখ হিসেবে নির্ধারণ করেছে।
এর আগে চলতি মাসের শুরুতে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কেরালার নাম পরিবর্তন করে ‘কেরালাম’ করার বিলে সম্মতি দেন। এর মধ্য দিয়ে বিলটি আইনে পরিণত হয়।
গত ১১ আগস্ট লোকসভায় ‘কেরালা (অল্টারেশন অব নেম) বিল’ পাস হয়। পরদিন ১২ আগস্ট বিলটি রাজ্যসভাতেও পাস হয়।
রাজ্যসভায় ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই বলেন, ২০২৪ সালে কেরালা বিধানসভা সর্বসম্মতভাবে একটি প্রস্তাব পাস করে কেন্দ্রীয় সরকারকে রাজ্যের নাম পরিবর্তন করে ‘কেরালাম’ করার জন্য আইন প্রণয়নের অনুরোধ জানিয়েছিল।
তিনি বলেন, “এই বিলে কেরালা রাজ্যকে ‘কেরালাম রাজ্য’ হিসেবে পরিচিত করার বিধান রাখা হয়েছে। সে অনুযায়ী কেরালার নাম পরিবর্তন করে কেরালাম করার প্রস্তাব করা হয়েছে।”
২০২৪ সালের জুনে কেরালা সরকার রাজ্য বিধানসভায় পাস হওয়া নাম পরিবর্তনসংক্রান্ত প্রস্তাবটি কেন্দ্রের কাছে পাঠায়। পরবর্তী সময়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিলটি মতামতের জন্য রাজ্য বিধানসভার কাছে পাঠান। এরপর বিধানসভা বিলটির সঙ্গে একমত হয়ে সর্বসম্মতভাবে আরেকটি প্রস্তাব পাস করে।
‘কেরালা (অল্টারেশন অব নেম) অ্যাক্ট, ২০২৬’-এর মাধ্যমে ভারতের সংবিধানে প্রয়োজনীয় সংশোধন আনা হয়েছে। একই সঙ্গে রাজ্যের নাম পরিবর্তনের ফলে প্রয়োজনীয় অন্যান্য বিধানেও সংশোধন করা হয়েছে।