অবৈধ সীমান্ত পারাপার, পুশইন, চোরাচালান ও মাদকসহ বিভিন্ন সীমান্ত অপরাধ প্রতিরোধে কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পাশাপাশি সীমান্তবর্তী জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে নিয়মিত জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে বাহিনীটি।
বুধবার (২৬ আগস্ট) দুপুরে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্ত এলাকায় মাইকিং করে স্থানীয় বাসিন্দাদের অবৈধভাবে সীমান্ত অতিক্রম না করা এবং কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে অবৈধভাবে সীমান্ত পারাপারে সহযোগিতা না করার বিষয়ে সতর্ক করা হচ্ছে।
এ ছাড়া সীমান্ত এলাকায় সন্দেহজনক ব্যক্তি বা দলের চলাচল, পরিচয় গোপন করে কারও অবস্থান, সীমান্তের ওপার থেকে কাউকে পুশইনের চেষ্টা কিংবা কোনো ভারতীয় নাগরিকের অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের ঘটনা নজরে এলে দ্রুত নিকটস্থ বিজিবি টহল দল বা ক্যাম্পকে জানানোর আহ্বান জানানো হয়েছে।
স্থানীয়দের অপ্রয়োজনে সীমান্ত এলাকায় ঘোরাফেরা না করা, অপরিচিত বা সন্দেহজনক ব্যক্তিকে বাড়িতে আশ্রয় না দেওয়া এবং মাদক, অস্ত্র, মানবপাচার ও চোরাচালানসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে বিজিবি।
বিজিবি জানায়, সীমান্ত সুরক্ষা ও অপরাধ প্রতিরোধে বাহিনীর পাশাপাশি সীমান্তবর্তী জনগণের সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সন্দেহজনক ব্যক্তি, বস্তু বা কর্মকাণ্ড চোখে পড়লে দ্রুত বিজিবি ক্যাম্প বা টহল দলকে অবহিত করতে স্থানীয়দের বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
বাহিনীটি আরও জানায়, অবৈধ সীমান্ত পারাপার, পুশইন, মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা, নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত পরিস্থিতি বিবেচনায় এসব কার্যক্রম ভবিষ্যতে আরও জোরদার করা হবে।
অবৈধভাবে সীমান্ত পারাপার কিংবা এ কাজে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহযোগিতাকারীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে বিজিবি।