বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি এথেল ক্যাটারহ্যাম আজ শুক্রবার তার ১১৭তম জন্মদিন উদযাপন করছেন। গত এক বছরে তার জীবনে অনেক ‘প্রথম’ ঘটনার মধ্যে ছিল ব্রিটেনের রাজার সঙ্গে সাক্ষাৎ।
দ্য টেলিগ্রাফ জানিয়েছে, শুক্রবার ইংল্যান্ডের সারির লাইটওয়াটারে হলমার্ক লেকভিউ কেয়ার হোমে বসবাসকারী এথেলের জন্মদিনে তাকে শুভেচ্ছা জানাতে সমবেত হয়েছেন পরিবারের সদস্য এবং বন্ধুরা।
এক বিবৃতিতে তিনি বলেন, ‘জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য সবাইকে ধন্যবাদ। ১১৭ বছর বয়সেও এ বছর আমার জীবনে অনেক নতুন অভিজ্ঞতা হয়েছে। এসময় আমি লামার (দক্ষিণ আমেরিকার প্রাণী) গায়ে হাত বুলিয়েছি। রাজার হাত ধরেছি।
‘পরিবার ও বন্ধুদের সঙ্গে দারুণভাবে দিনটি উদযাপন করছি। আগামী বছর আমার জন্য কী নিয়ে আসে, তা দেখার অপেক্ষায় আছি।’
ব্রাজিলের সন্ন্যাসিনী সিস্টার ইনাহ কানাবারো লুকাস ২০২৫ সালের এপ্রিল মাসে ১১৬ বছর বয়সে মারা যাওয়ার পর এথেল বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হন।
গত বছরের সেপ্টেম্বরে ১১৬তম জন্মদিনের কিছুদিন পর ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস তার সঙ্গে দেখা করেন। নিজের পরিচয় দেওয়ার সময় রাজা তার হাত ধরেছিলেন।
রাজার সঙ্গে সাক্ষাতের সময় এথেল ১৯৬৯ সালে ২১ বছর বয়সী চার্লসের প্রিন্স অব ওয়েলস হিসেবে অভিষেকের কথা স্মরণ করেন।
তিনি তাকে বলেন, ‘সব মেয়েই তখন আপনার প্রেমে পড়েছিল। আপনাকে বিয়ে করতে চেয়েছিল।’
এথেল ১৯০৯ সালের ২১ আগস্ট ইংল্যান্ডের হ্যাম্পশায়ারের শিপটন বেলিঞ্জারে জন্মগ্রহণ করেন। প্রথম বিশ্বযুদ্ধ শুরুর পাঁচ বছর আগে জন্ম নেওয়া এই নারী আট ভাইবোনের মধ্যে দ্বিতীয় কনিষ্ঠ।
ব্রিটেনের রাজা সপ্তম এডওয়ার্ডের শেষ জীবিত প্রজা এথেল। সপ্তম এডওয়ার্ড ১৯১০ সালের মে মাসে মারা যান।