স্বামী প্রিন্স হ্যারির সঙ্গে যুক্তরাজ্যে ফিরলে আবারও অভিনয় শুরু করতে পারেন ডাচেস অব সাসেক্স মেগান মার্কেল। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে।
যুক্তরাজ্যে মেগানের অভিনয়ের প্রস্তাব পাওয়ার খবর অস্বীকার করেননি এই দম্পতির ঘনিষ্ঠ সূত্রগুলো।
অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম নিউজ ডটকম ডটএইউ প্রথম জানায়, হ্যারি ও মেগানের ব্রিটেনে ফেরার সিদ্ধান্তের অন্যতম কারণ হলো, আসন্ন এক প্রকল্পে মেগানকে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছে।
তবে তার সম্ভাব্য চরিত্র বা প্রকল্পটি সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।
ধারণা করা হচ্ছে, আগস্টের শেষ নাগাদ সন্তানদের নিয়ে ব্রিটেনে ফিরবেন হ্যারি-মেগান। সেপ্টেম্বরে তাদের সন্তানদের স্কুলে ভর্তি হওয়ার কথা রয়েছে।
অভিনেত্রী হিসেবে মেগান সবচেয়ে বেশি পরিচিতি পান মার্কিন ড্রামা ‘স্যুটস’-এ অভিনয় করে। এতে তিনি আইনজীবী র্যাচেল জেনের চরিত্রে টানা সাত মৌসুম কাজ করেন। ‘স্যুটস’-এ তার শেষ পর্ব প্রচারিত হয় ২০১৮ সালে।
প্রিন্স হ্যারিকে বিয়ের পর অভিনয় থেকে বিরতি নেন মেগান। তখন বিবিসিকে তিনি বলেছিলেন, অভিনয় ছেড়ে দেওয়াকে তিনি কোনো কিছু হারানো হিসেবে দেখছেন না; দেখছেন ‘নতুন এক অধ্যায়’ হিসেবে।
প্রায় এক দশক পর সম্প্রতি ‘ক্লোজ পার্সোনাল ফ্রেন্ডস’ নামের এক কমেডি সিনেমায় অভিনয় করেন মেগান। শিগগির মুক্তি পেতে যাওয়া এই সিনেমায় অতিথি চরিত্রে দেখা যাবে তাকে। এতে আরও অভিনয় করেছেন লিলি কলিন্স ও ব্রি লারসন।
বিবিসি জানিয়েছে, যুক্তরাজ্যে অবস্থানকালে মেগান তার যুক্তরাষ্ট্রভিত্তিক লাইফস্টাইল ও রান্নাবিষয়ক ব্র্যান্ড ‘অ্যাজ এভার’-এর আন্তর্জাতিক পরিসরও বাড়াতে চান।
২০২০ সালের শুরুতে রাজপরিবারের দায়িত্ব ছেড়ে যুক্তরাজ্য ত্যাগ করেছিলেন হ্যারি ও মেগান। এরপর থেকে তাদের সঙ্গে রাজপরিবারের সম্পর্ক টানাপোড়েনের মধ্য দিয়ে গেছে।
চলতি বছরের জুলাইয়ে রাজা চার্লস ও রানি ক্যামিলার সঙ্গে তাদের সাক্ষাৎকে পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হয়।
রাজপ্রাসাদ রাজা চার্লসের গ্লুচেস্টারশায়ারের ব্যক্তিগত বাসভবনে ওই সাক্ষাৎকে ‘ব্যক্তিগত পারিবারিক আয়োজন’ হিসেবে অভিহিত করেছিল।
চার বছরেরও বেশি সময় পর ওই সাক্ষাতে রাজা চার্লস প্রথমবার সশরীরে তার নাতি-নাতনিদের দেখেন। ২০২২ সালে রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে যোগ দেওয়ার পর এবারই প্রথম একসঙ্গে যুক্তরাজ্যে ফিরছেন হ্যারি ও মেগান।