ভারতের সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠকে নেপাল সেনাবাহিনীর সম্মানসূচক ‘জেনারেল’ পদমর্যাদা দেওয়া হয়েছে। সোমবার নেপালের রাজধানী কাঠমান্ডুর শীতল নিবাসে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে দেশটির প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল তাকে এই সম্মানসূচক পদমর্যাদা প্রদান করেন। সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, চার দিনের সরকারি সফরে রোববার নেপালে পৌঁছান ধীরাজ শেঠ। নেপাল সেনাবাহিনীর প্রধান জেনারেল অশোক রাজ সিগদেলের আমন্ত্রণে তিনি এই সফরে যান।
প্রেসিডেন্ট পৌডেলের সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানে নেপালের ভাইস প্রেসিডেন্ট রাম সহায় প্রসাদ যাদব, পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল, নেপালে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত নবীন শ্রীবাস্তব এবং নেপাল সেনাবাহিনী ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভারত ও নেপালের সেনাপ্রধানদের পরস্পরকে সম্মানসূচক জেনারেল পদমর্যাদা দেওয়ার দীর্ঘদিনের ঐতিহ্যের অংশ হিসেবে ধীরাজ শেঠকে এ সম্মাননা দেওয়া হয়। ১৯৫০ সাল থেকে দুই দেশের মধ্যে এ প্রথা চালু রয়েছে।
সফরের দ্বিতীয় দিনে সোমবার নেপাল সেনাবাহিনীর সদর দপ্তরে জেনারেল অশোক রাজ সিগদেলের সঙ্গে বৈঠক করেন জেনারেল শেঠ। বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং দুই দেশের সামরিক সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে আলোচনা হয়।
ভারতীয় দূতাবাস এক বিবৃতিতে জানায়, ভারতীয় সেনাপ্রধানের নেপাল সফর দুই দেশের দীর্ঘদিনের পরীক্ষিত ও বিশেষ প্রতিরক্ষা সম্পর্কের প্রতিফলন। পারস্পরিক আস্থা, অভিন্ন মূল্যবোধ এবং দুই দেশের সেনাবাহিনীর দীর্ঘস্থায়ী সম্পর্কের ওপর এই প্রতিরক্ষা সহযোগিতা প্রতিষ্ঠিত।
এদিন নেপালে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত নবীন শ্রীবাস্তবের সঙ্গেও বৈঠক করেন জেনারেল শেঠ। বৈঠকে নয়াদিল্লি ও কাঠমান্ডুর মধ্যকার সামগ্রিক সম্পর্ক আরও জোরদারের বিভিন্ন উপায় নিয়ে আলোচনা হয়।
এ ছাড়া নেপাল সেনাবাহিনীর কাছে সামরিক ও চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করেন ভারতের সেনাপ্রধান। পরে নেপাল সেনাবাহিনীর সদর দপ্তর প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন তিনি। সেখানে গার্ড অব অনার গ্রহণ ও পরিদর্শনও করেন।
নেপাল সেনাবাহিনী জানিয়েছে, জেনারেল ধীরাজ শেঠের এ সফর ভারত ও নেপালের সেনাবাহিনীর মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা আরও বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।