ভারতের উত্তরপ্রদেশে কৃষকদের কাছ থেকে গোমূত্র সংগ্রহের একটি পরীক্ষামূলক প্রকল্প শুরু করেছে যোগী আদিত্যনাথের সরকার। রাজ্যের বুলন্দশহর জেলায় চালু হওয়া এ উদ্যোগের মাধ্যমে কৃষকদের আয় বাড়ানোর পাশাপাশি গ্রামীণ নারীদের অতিরিক্ত আয়ের সুযোগ তৈরি এবং দুধ না দেওয়া গরু পালনে সহায়তার লক্ষ্য নেওয়া হয়েছে। সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বুধবার (১২ আগস্ট) এ খবর জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, প্রকল্পের আওতায় সংগ্রহ করা গোমূত্র কৃষিকাজে কাঁচামাল হিসেবে ব্যবহারের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে ভবিষ্যতে রাসায়নিক উপাদানের বিকল্প তৈরি করা সম্ভব হবে বলে আশা করছে সংশ্লিষ্টরা। পরীক্ষামূলক প্রকল্পটি সফল হলে এ বিষয়ে একটি আনুষ্ঠানিক নীতিমালা তৈরি করে পুরো উত্তরপ্রদেশে কার্যক্রমটি চালুর পরিকল্পনা রয়েছে।
বুলন্দশহরের সায়ানা তহসিলের নরসাইনা গ্রামে ড. প্রবীণের নেতৃত্বাধীন একটি কৃষক উৎপাদক সংগঠনের (এফপিও) মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। বর্তমানে জেলার ১৫টি গ্রামের কৃষকদের কাছ থেকে প্রতিদিন প্রায় ৫০০ লিটার গোমূত্র সংগ্রহ করা হচ্ছে।
ভবিষ্যতে গোমূত্র সংগ্রহের দাম প্রতি লিটার ২০ রুপি পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা রয়েছে। সংগৃহীত গোমূত্র সংরক্ষণের জন্য সংশ্লিষ্ট গ্রামগুলোতে ২০০ লিটার ধারণক্ষমতার ট্যাংক স্থাপন করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, এ কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন গ্রামীণ নারীরা। গ্রামে গোমূত্র সংগ্রহে সহায়তা করা নারীদের প্রতি লিটারে ২ রুপি করে কমিশন দেওয়া হচ্ছে। এতে তাদের জন্য বাড়তি আয়ের একটি নতুন সুযোগ তৈরি হয়েছে। জানা গেছে, প্রায় ৩০০ নারীর সহযোগিতায় প্রকল্পটির কার্যক্রম শুরু হয় এবং তাদের সবাইকে প্রকল্পের শেয়ারহোল্ডার করা হয়েছে।
প্রকল্প নিয়ে বিরোধীদের সমালোচনা
গোমূত্র সংগ্রহের এই উদ্যোগকে ‘কেলেঙ্কারি’ বলে আখ্যা দিয়েছে উত্তরপ্রদেশের বিরোধী দল সমাজবাদী পার্টি (এসপি)। দলটির মুখপাত্র মোহাম্মদ আজম খান অভিযোগ করেছেন, নির্বাচনের জন্য অর্থ সংগ্রহের উদ্দেশ্যেই বিজেপি এই প্রকল্পের মাধ্যমে একটি কেলেঙ্কারি করছে।
তিনি আরও অভিযোগ করেন, রাজ্যে গোশালা এবং সেখানে থাকা গরুগুলোই নিরাপদ নয়। এই প্রকল্পের মাধ্যমে কোনো উন্নয়ন হবে না বলেও দাবি করেন তিনি।