ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের অবরোধ সত্ত্বেও পাকিস্তানের পতাকাবাহী দুটি তেলবাহী জাহাজ কোনো ধরনের হামলা বা বাধার মুখে না পড়ে লোহিত সাগর ও বাব আল-মান্দেব প্রণালি অতিক্রম করেছে।
সামুদ্রিক গোয়েন্দা প্রতিষ্ঠান উইন্ডওয়ার্ড আজ বুধবার এ তথ্য দিয়েছে বলে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়।
প্রতিষ্ঠানটির তথ্যমতে, মাঝারি আকারের দুটি ট্যাংকার সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে অপরিশোধিত তেল বোঝাই করে ট্র্যাকিং ব্যবস্থা চালু রেখেই পাকিস্তানের উদ্দেশে যাত্রা করে।
উইন্ডওয়ার্ড জানায়, গত ২০ জুলাই হুতিরা সৌদি আরবের বিরুদ্ধে অবরোধ ঘোষণার পর থেকে চীনের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজ ছাড়া সৌদি-সংশ্লিষ্ট অধিকাংশ তেলবাহী জাহাজ হয় হামলার শিকার হয়েছে, নয়তো উত্তমাশা অন্তরীপ ঘুরে বিকল্প পথে চলাচল করেছে।
এর কয়েক দিন আগে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় হুতিদের সতর্ক করে জানিয়েছিল, পাকিস্তানের পতাকাবাহী কোনো জাহাজে হামলা হলে সেটিকে দেশের নিরাপত্তার প্রতি হুমকি হিসেবে বিবেচনা করা হবে।
এদিকে লোহিত সাগরে পাকিস্তানের জাহাজ কোনো ধরনের বাধা ছাড়াই চলাচল করতে পারলেও ভারতের জাহাজকে পণ্য নিয়ে এটি অতিক্রম করতে বেগ পেতে হচ্ছে।
গতকাল মঙ্গলবার একটি ভারতীয় পতাকাবাহী জাহাজ এই জলপথ পাড়ি দেওয়ার সময় ক্ষেপণাস্ত্র হামলা হয়। এতে এটি ডুবে যায় বলে খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।
জাহাজটিতে ১৪ জন ক্রু ছিলেন; যাদের মধ্যে ১৩ জন ভারতীয়, একজন ইয়েমেনি। তাদের প্রত্যেককে হামলার শিকার জাহাজটি থেকে উদ্ধার করে ইয়েমেনের জাতীয় প্রতিরোধ বাহিনী।
ভারত সরকার এরই মধ্যে এ ঘটনার নিন্দা জানিয়ে বলেছে, ‘মানুষের নিরাপত্তাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। ১৩ জন ভারতীয়সহ জাহাজের ১৪ জন ক্রুকে ইয়েমেন কোস্ট গার্ড নিরাপদে উদ্ধার করে মোখা বন্দরে নিয়ে গেছে।’