পাকিস্তানের কোয়েটার কাছে সোরেঞ্জ কয়লা খনিতে মিথেন গ্যাস বিস্ফোরণে কমপক্ষে ৩২ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। নিখোঁজ থাকা অপর দুই শ্রমিকের সন্ধানে উদ্ধারকাজ চলছে।
দেশটির সংবাদমাধ্যম ডনকে আজ শুক্রবার এ তথ্য জানিয়েছেন এক কর্মকর্তা।
কোয়েটা থেকে প্রায় ৩০ কিলোমিটার উত্তর-পূর্বে বেসরকারি কয়লা খনিতে গতকাল বৃহস্পতিবার এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
মিথেন গ্যাসের কারণে সৃষ্ট এই বিস্ফোরণ থেকে সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে, যার ফলে খনির একাংশ ধসে পড়ে। পাশের আরেক খনিও এতে ক্ষতিগ্রস্ত হয়।
বেলুচিস্তানের প্রধান খনি পরিদর্শক মুহাম্মদ আতিফ ডনকে জানান, বিস্ফোরণের সময় দুটি খনির ভেতরে মোট ৩৪ জন শ্রমিক কর্মরত ছিলেন।
তিনি বলেন, ‘এখন পর্যন্ত দুটি খনি থেকে ৩২ জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। যে খনিতে মূল বিস্ফোরণটি ঘটেছিল, নিখোঁজ বাকি দুই শ্রমিককে উদ্ধারে সেখানে এখনো অভিযান চলছে।’
এর আগে কর্মকর্তারা জানান, ঘটনার সময় প্রথম খনিটির মাটির প্রায় ৪ হাজার ফুট গভীরে ২৪ জন শ্রমিক কাজ করছিলেন।
বিস্ফোরণের পরপরই খনির ভেতরে আগুন ধরে যায় এবং কাঠামোর কিছু অংশ ধসে পড়ে। বিকট বিস্ফোরণের শব্দ সোরেঞ্জের বিস্তীর্ণ এলাকা থেকে শোনা যায়।
উদ্ধার কাজে গতি আনতে মাইনিং প্রকৌশলী ও শ্রমিকেরা ক্ষতিগ্রস্ত খনিগুলোতে পৌঁছানোর জন্য বিকল্প পথ তৈরি করেছিলেন। তবে খনির গভীরে বিপুল পরিমাণ মিথেন গ্যাসের উপস্থিতি ও আগুন আটকে পড়া শ্রমিক ও মরদেহগুলোর কাছে পৌঁছানোর ক্ষেত্রে বড় ধরনের বাধা হয়ে দাঁড়ায়।