ভারতের দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের সহিংসতা ও মামলা দায়েরের ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর তীব্র সমালোচনা করেছেন লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী।
তার অভিযোগ, সরাসরি হামলা চালানোর পর এখন এফআইআর ও সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট বন্ধ করে জেন-জি প্রজন্মকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করছে সরকার।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, আজ শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কংগ্রেসের এই নেতা বলেন, ‘প্রধানমন্ত্রী মোদি ও অমিত শাহ, আপনারা ধমক দিয়ে জেন-জিকে চুপ করাতে পারবেন না।
‘প্রথমে আপনারা তাদের হাড় ভাঙলেন। এখন এফআইআর ঠুকছেন এবং তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সরিয়ে নিচ্ছেন।’
মোদি ও শাহকে সতর্ক করে এসময় রাহুল বলেন, ‘আপনারা ভারতের অতীত। ভারতের ভবিষ্যতের সঙ্গে কেমন আচরণ করছেন, সে বিষয়ে সতর্ক হন।’
এর আগে গতকাল বৃহস্পতিবার দিল্লির যন্তর মন্তরে ২০ জুলাই শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের বলপ্রয়োগের ঘটনা তদন্তে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠনের দাবি জানান রাহুল।
এদিন এক্সে দেওয়া এক পোস্টে কংগ্রেস নেতা বলেছিলেন, ‘শিক্ষার্থীরা ন্যায়বিচার পাওয়ার অধিকার রাখে। তাদের ওপর চালানো নৃশংসতা তদন্তে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে একটি স্বাধীন উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করতে হবে।’