ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে গড়ে ওঠা আন্দোলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে ২৫ বছর বয়সী এক তরুণীর বিরুদ্ধে মামলা হয়েছে।
এনডিটিভি জানিয়েছে, রুচিকা সিং ২৩ জুলাই দিল্লির যন্তর মন্তরে চলা অবস্থান কর্মসূচিতে ওই মন্তব্য করেন। এ ঘটনায় তার বিরুদ্ধে গত বুধবার একটি অভিযোগ জমা পড়ে।
অভিযোগে বলা হয়, রুচিকার মন্তব্য ‘প্রধানমন্ত্রীর পদের মর্যাদাকে ক্ষুণ্ন করেছে এবং তা সম্প্রীতি বিনষ্ট করে জনশৃঙ্খলা বিঘ্নিত করতে পারে’।
এ ঘটনায় উত্তর প্রদেশের নয়ডার এক্সপ্রেসওয়ে থানায় একটি জিরো এফআইআর দায়ের করা হয়েছে। এতে শান্তিভঙ্গের উসকানি, জনমনে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে এমন বক্তব্য এবং মানহানিসংক্রান্ত ভারতীয় ন্যায় সংহিতার ৩৫২, ৩৫৩(১) ও ৩৫৬(১) ধারায় মামলা করা হয়েছে।
জিরো এফআইআর হলো কোনো অপরাধ যে স্থানেই ঘটুক না কেন, যেকোনো থানায় প্রাথমিক মামলা করার সুবিধা।
মামলাটি পরে তদন্তের জন্য দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানায় স্থানান্তর করা হয়।
এদিকে এ ঘটনায় সিজেপির মুখপাত্র সৌরভ দাস বলেন, রুচিকা সিংয়ের বক্তব্য ভুল হতে পারে, কিন্তু এ ধরনের মন্তব্যের জন্য ফৌজদারি আইনি ব্যবস্থা নেওয়া উচিত নয়।
তিনি বলেন, ‘কেউ যদি অবমাননাকর ভাষা ব্যবহার করে থাকেন, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তি ফৌজদারি মানহানির মামলা করতে পারেন। কিন্তু আন্দোলনকারীদের বিরুদ্ধে রাষ্ট্রের ফৌজদারি ব্যবস্থা ব্যবহার করা অত্যন্ত নিন্দনীয়। শুধু আপত্তিকর ভাষা ব্যবহারের কারণে কাউকে শাস্তি দেওয়া উচিত নয়।
‘আমি বলছি না, ওই ভাষা সঠিক ছিল। তা ভুল হতে পারে। কারও কাছে আপত্তিকরও মনে হতে পারে। কিন্তু এজন্য রাষ্ট্রের ফৌজদারি ব্যবস্থা ব্যবহার করার কোনো যৌক্তিকতা নেই। এতে মানুষের মধ্যে ভয়ের পরিবেশ তৈরি হয়। বিশেষ করে তরুণ প্রজন্মের জন্য এটি মোটেও গ্রহণযোগ্য নয়।’
এর আগে গতকাল বৃহস্পতিবার দিল্লি সরকার জানিয়েছিল, আন্দোলনকে কেন্দ্র করে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে (অপরাধমূলক অতীত রয়েছে এমন ব্যক্তিদের বাদে) কোনো আইনি ব্যবস্থা নেওয়া হবে না।