যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বৃহস্পতিবার গাজায় হামাসকে ‘সম্পূর্ণ নিরস্ত্রীকরণ’ করার বিষয়ে একটি চুক্তির ঘোষণা দিয়েছেন। তিনি একে গাজায় নতুন ফিলিস্তিনি সরকার গঠনের পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন।
হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তারা এএফপিকে জানিয়েছেন, ইসরায়েলের সঙ্গে হওয়া এই চুক্তিতে হামাসের অস্ত্রের বিষয়টি এবং গাজা উপত্যকা থেকে ধাপে ধাপে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের বিধান রয়েছে।
হামাসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘অস্ত্রের বিষয়টি নিয়ে একটি সমঝোতা হয়েছে। পাশাপাশি গাজা উপত্যকা থেকে (ইসরায়েলি) বাহিনী ধাপে ধাপে প্রত্যাহারের বিষয়েও চুক্তি হয়েছে।’
তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে ইসরায়েলের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
কায়রোতে মধ্যস্থতাকারীদের সঙ্গে চলমান আলোচনায় সংশ্লিষ্ট সূত্রগুলো এর আগে এএফপিকে জানিয়েছিল, হামাস তাদের অস্ত্র ধাপে ধাপে প্রত্যাহার-সংক্রান্ত একটি চুক্তির দিকে এগোচ্ছে।
ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘আজ বোর্ড অব পিস গাজায় হামাস এবং অন্যান্য সব সশস্ত্র গোষ্ঠীর সম্পূর্ণ নিরস্ত্রীকরণ নিয়ে একটি ঐতিহাসিক চুক্তিতে পৌঁছেছে। এটি স্থায়ী শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার পথে এক যুগান্তকারী পদক্ষেপ।’
তিনি বলেন, নিরস্ত্রীকরণের প্রক্রিয়া ‘সতর্কভাবে নির্ধারিত কয়েকটি ধাপে’ সম্পন্ন হবে।
ট্রাম্প জানান, নিরস্ত্রীকরণ সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে ইসরায়েলি বাহিনী গাজা থেকে সরে যাবে। এরপর আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী নতুন ফিলিস্তিনি পুলিশ বাহিনীর সঙ্গে সমন্বয় করে গাজার নিরাপত্তার দায়িত্ব নেবে, যাতে সেখানকার বাসিন্দা এবং প্রতিবেশী দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করা যায়।
এসময় তিনি এই চুক্তিতে মধ্যস্থতার জন্য মিসর, কাতার ও তুরস্ককে ধন্যবাদ জানান।