ভারতের দিল্লির যন্তর মন্তরে এক মাসের বেশি সময় ধরে চলা আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রধান মুখপাত্র সৌরভ দাস। একই সঙ্গে তিনি অভিযোগ করেছেন, শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যেই সরকার দিল্লিতে সেনা ট্যাংক নিয়ে আসছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আজ শনিবার দেওয়া এক পোস্টে সৌরভ এ অভিযোগ করেন।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, পোস্টে সৌরভ বলেন, ‘এবার আরও মজা হবে! সরকারের বোঝা উচিত, তারা হয় দিল্লিতে নিয়ে আসা ট্যাংক দিয়ে শান্তিপূর্ণ আন্দোলনকারীদের ওপর বোমা বর্ষণ করতে পারে (মানে, এগুলো নিয়ে এসে তারা কী বোঝাতে চাইছে? নিজেদের সন্তানদের মেরে ফেলতে চায়? গান্ধীর ভারতে আমরা কি তবে এই পর্যায়ে এসে পৌঁছেছি?)। অথবা দাবি মেনে নিতে পারে। সময় কিন্তু বয়ে যাচ্ছে!’
পাশাপাশি সিজেপির এই মুখপাত্র ভারতীয় কিষাণ ইউনিয়নের যন্তর মন্তরে শিক্ষার্থীদের আন্দোলনে যোগ দেওয়ার ঘোষণা সম্বলিত একটি পোস্ট শেয়ার করেন।
সেই পোস্টে বলা হয়, দিল্লির যন্তর মন্তরে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে ভারতীয় কিষাণ ইউনিয়ন। এই কৃষক সংগঠন আগামী সোমবার ভারতের রাজধানী অভিমুখে পদযাত্রা শুরু করবে। শিক্ষার্থীদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের সংগঠনের সদস্যরা দিল্লিতেই অবস্থান করবে।
এর আগে এদিন সিজেপির জাতীয় মুখপাত্র আশুতোষ রাঙ্কা বলেন, ‘গতকাল (শুক্রবার) সরকারের সঙ্গে বৈঠকে ক্ষতিপূরণ এবং মামলা প্রত্যাহারের বিষয়ে আমরা ইতিবাচক সাড়া পেয়েছি। আমরা এ বিষয়ে ঐকমত্যে পৌঁছেছি। আশা করছি, আজই লিখিত চুক্তি পাব।
‘তবে আমাদের প্রধান যে দাবি, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত হয়নি।’
সিজেপির এই মুখপাত্র বলেন, ‘গতকাল মূলধারার সংবাদমাধ্যমে সূত্রের বরাতে যা দেখলাম, তা হলো, ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করবেন না। তিনি যদি পদত্যাগ না-ই করেন, তাহলে এই বৈঠকগুলোর কোনো অর্থ হয় না।
‘এমনটা হলে আমরা আমাদের পরবর্তী কৌশল অনুযায়ী এগোব। পুরো দেশ ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করার পরও সরকার যদি নিজের অবস্থানে অনড় থাকে এবং বলে যে তিনি পদত্যাগ করবেন না, তাহলে তা স্পষ্ট করা হোক। কিন্তু সরকার যদি এই অবস্থান ধরে রাখে, তাহলে আমরাও আরও কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হবো।’