ইরানের প্রয়াত সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যাকাণ্ডের ঘটনায় প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন তার ছেলে দেশটির বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে এমন প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সংবাদমাধ্যম ডয়েচে ভেলের এক প্রতিবেদনে শনিবার এ খবর জানানো হয়েছে।
এর আগে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ অভিযানের শুরুতে এক বিমান হামলায় নিহত হন আয়াতুল্লাহ খামেনি।
রাষ্ট্রীয় টেলিভিশনে মোজতবা খামেনির নামে প্রচারিত এক লিখিত বিবৃতিতে বলা হয়, ‘প্রতিশোধ জাতির দাবি এবং তা অবশ্যই বাস্তবায়ন করা হবে।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘শহীদ নেতা এবং যুদ্ধের সব শহীদের রক্তের প্রতিশোধ আমরা অপরাধী ও হত্যাকারীদের কাছ থেকে নেব। তাদের রক্ত বৃথা যেতে দেব না।’
কয়েক দিন ধরে চলা আয়াতুল্লাহ খামেনির জানাজা ও শোকানুষ্ঠানের পরই এমন প্রতিশোধের হুঁশিয়ারি দিলেন মোজতবা খামেনি।
গত ফেব্রুয়ারির ওই বিমান হামলার পর থেকে মোজতবা খামেনিকে জনসমক্ষে দেখা যায়নি। যুক্তরাষ্ট্রের দাবি, ওই হামলায় তিনিও গুরুতর আহত হয়েছিলেন।