ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাসচাপায় ৫ জন নিহত হয়েছেন। শনিবার (১১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার আলগি ইউনিয়নের সোয়াদী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার পর উত্তেজিত এলাকাবাসী মহাসড়কের অন্তত ৬টি গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। বর্তমানে স্থানীয়রা সড়কটি অবরোধ করে রেখেছেন। ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি) মো. হেলালউদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সুয়াদী এলাকার আরিফ মাতুব্বর (২৫), ওবায়দুল সেক (৪০), জয়নাল মিয়া (২৪), নুরুননবী সেক (১২), ও হাফিজুর (৫০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে খুলনাগামী একটি ডিমবাহী ট্রাক সোয়াদী বাসস্ট্যান্ড এলাকায় এসে চাকা ফেটে সড়কের ওপর উল্টে পড়ে। এতে সড়কের ওপর ডিম ছড়িয়ে পড়লে এলাকাবাসী ডিম কুড়াতে এগিয়ে আসে। ওই সময় ঢাকা থেকে নড়াইলগামী নড়াইল এক্সপ্রেসের একটি বাস রাস্তায় থাকা লোকজনকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। আহত হয়েছেন অন্তত সাতজন।
ওসি হেলালউদ্দিন বলেন, দুর্ঘটনার পর পরই বিক্ষুব্ধরা বাসটি আটক করে তাতে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন গিয়ে আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে।