যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল নর্দার্ন মারিয়ানা দ্বীপপুঞ্জ ও গুয়ামে সোমবার (৬ জুলাই) ক্যাটাগরি-৫ হারিকেনের সমান শক্তিশালী সুপার টাইফুন ‘বাভি’ ঘণ্টায় সর্বোচ্চ প্রায় ২৯০ কিলোমিটার বেগে আঘাত হেনেছে। এতে ছোট দ্বীপ রোটায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্র থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস) জানায়, টাইফুনের কেন্দ্র রোটার ওপর দিয়ে অতিক্রম করার সময় পুরো দ্বীপটি এর চোখের মধ্যে ছিল। প্রবল ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টির কারণে বন্যা, অবকাঠামোর ক্ষতি ও একটি মোবাইল ফোন টাওয়ার ভেঙে পড়ায় যোগাযোগ ব্যবস্থাও ব্যাহত হয়েছে।
এনডব্লিউএস জানায়, সরাসরি আঘাতের ফলে রোটার বড় অংশ কয়েক সপ্তাহ বা তারও বেশি সময় বসবাসের অনুপযোগী হয়ে পড়তে পারে। অধিকাংশ গাছ ভেঙে যাওয়ার পাশাপাশি বিদ্যুৎ সরবরাহও সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত বন্ধ থাকতে পারে।
এদিকে টিনিয়ান, উত্তর গুয়াম ও দক্ষিণ সাইপানে হারিকেন-সমতুল্য বাতাস বয়ে গেছে। গুয়ামে আট থেকে ১২ ইঞ্চি (২০-৩০ সেন্টিমিটার) পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা থেকে আকস্মিক বন্যার সতর্কতা জারি করা হয়েছে। তবে আবহাওয়াবিদদের মতে, টাইফুনটি ধীরে ধীরে পশ্চিম দিকে সরে যাওয়ায় পরিস্থিতির উন্নতি শুরু হবে।
স্থানীয় বাসিন্দারা জানান, সাম্প্রতিক আরেকটি টাইফুনে বিদ্যুৎ ফিরে পাওয়ার কয়েক দিনের মধ্যেই আবার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে। অনেকেই হোটেল ও আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন এবং ব্যবসা প্রতিষ্ঠান রক্ষায় আগেভাগেই প্রস্তুতি নিয়েছেন।
বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) জানায়, এল নিনোর প্রভাবে এ বছর প্রশান্ত মহাসাগরে আরও শক্তিশালী ও ঘন ঘন টাইফুনের আশঙ্কা রয়েছে। একই সঙ্গে রেকর্ড উষ্ণ সমুদ্রের পানিও ঝড়ের তীব্রতা বাড়াতে ভূমিকা রাখছে।