ইরানের পার্লামেন্ট স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাগের গালিবাফ জানিয়েছেন, তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক আলোচনাকে অগ্রাধিকার দিচ্ছে। তবে যুদ্ধের জন্যও তারা পুরোপুরি প্রস্তুত রয়েছে।
গতকাল মঙ্গলবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন বলে জানিয়েছে মিডল ইস্ট আই।
কাতারের রাজধানী দোহায় ওয়াশিংটন ও তেহরানের প্রতিনিধিদলের পৃথক আলোচনা শুরুর প্রাক্কালে ইরানের দিক থেকে এ অবস্থান জানানো হলো।
ইরানের পার্লামেন্ট স্পিকার বলেন, ‘আমরা সংলাপের পথ খুঁজছি। তবে সেই সংলাপ যদি বাস্তবায়ন করা না হয়, তাহলে আমরা যুদ্ধের জন্যও প্রস্তুত এবং সেই অনুযায়ী উপযুক্ত জবাব দেব।’
গালিবাফ জানান, ইরানের বর্তমান বৈঠকগুলোর মূল লক্ষ্য, গত ১৭ জুন তেহরান ও ওয়াশিংটনের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকে উল্লেখ করা প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন নিশ্চিত করা।
এই সমঝোতা স্মারকের শর্তাবলি পুরোপুরি পূরণ না হওয়া পর্যন্ত ইরান আর কোনো নতুন আলোচনায় অংশ নেবে না।