ইবোলা
ইবোলা ভাইরাসের বিস্তার রোধে সতর্কতামূলক পদক্ষেপের অংশ হিসেবে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, উগান্ডা ও দক্ষিণ সুদানে সৌদি নাগরিকদের ভ্রমণ সাময়িকভাবে নিষিদ্ধ করেছে সৌদি আরব। একই সঙ্গে এই তিন দেশ থেকে আগত ভ্রমণকারীদের জন্য ভিসা প্রদান এবং সৌদি আরবে প্রবেশও স্থগিত করা হয়েছে। খবর: গালফ নিউজের।
বৃহস্পতিবার (২৫ জুন) সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানায়, এই নিষেধাজ্ঞা শুধু সরাসরি ওই তিন দেশ থেকে আসা যাত্রীদের ক্ষেত্রেই নয়, তৃতীয় কোনো দেশ হয়ে আসা এমন ব্যক্তিদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে, যারা সৌদি আরবে প্রবেশের আগের ২১ দিনের মধ্যে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, উগান্ডা বা দক্ষিণ সুদানে অবস্থান করেছেন।
সৌদি আরবের জনস্বাস্থ্য কর্তৃপক্ষ ওয়েকায়া জানিয়েছে, সংক্রামক রোগের আন্তঃসীমান্ত বিস্তার প্রতিরোধ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় দেশটির স্বাস্থ্য নজরদারি ও মহামারি প্রতিরোধ ব্যবস্থা দেশীয় ও আন্তর্জাতিক সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বয় করে সার্বক্ষণিক কার্যক্রম পরিচালনা করছে।
এছাড়া ইবোলা পরিস্থিতির কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর প্রতিবেশী রাষ্ট্র—রুয়ান্ডা, বুরুন্ডি, তানজানিয়া এবং কঙ্গো প্রজাতন্ত্র থেকে আগত যাত্রীদের ক্ষেত্রেও সতর্কতামূলক ব্যবস্থা জোরদার করা হয়েছে। এসব ব্যবস্থার মধ্যে রয়েছে প্রবেশপথে স্বাস্থ্য পরীক্ষা, রোগ পর্যবেক্ষণ এবং দ্রুত প্রতিক্রিয়া কার্যক্রম শক্তিশালী করা।
ওয়েকায়া জানিয়েছে, বর্তমানে সৌদি আরবের জনস্বাস্থ্য পরিস্থিতি স্থিতিশীল রয়েছে এবং প্রতিরোধমূলক ব্যবস্থা চালুর পর থেকে দেশে এখন পর্যন্ত ইবোলার কোনো নিশ্চিত বা সন্দেহভাজন রোগী শনাক্ত হয়নি।
কর্তৃপক্ষ আরও জানিয়েছে, আঞ্চলিক ও আন্তর্জাতিক মহামারি সংক্রান্ত পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে এবং পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রয়োজনীয় সুপারিশ হালনাগাদ করা হবে। একই সঙ্গে জনস্বাস্থ্য সুরক্ষায় সব ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা অব্যাহত থাকবে।