ইউরোপের বড় একটি অংশের ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এর মধ্যে ফ্রান্সে অতিরিক্ত গরম থেকে স্বস্তি পেতে নদী, খাল ও অন্যান্য জলাশয়ে নামতে গিয়ে গত কয়েক দিনে অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে।
গতকাল মঙ্গলবার দেশটির প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু এ তথ্য জানিয়েছেন।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ফ্রান্সের পাশাপাশি যুক্তরাজ্য, ইতালি, সুইজারল্যান্ড ও স্পেন তীব্র গরমে পুড়ছে। কিছু কিছু এলাকায় রেকর্ড তাপমাত্রার কারণে স্কুল ও পরিবহন ব্যবস্থা ব্যাহত হচ্ছে। আইফেল টাওয়ারসহ বিভিন্ন পর্যটন কেন্দ্র বন্ধ রাখতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।
বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) মতে, বৈশ্বিক গড়ের চেয়ে ইউরোপ দ্বিগুণ গতিতে উত্তপ্ত হচ্ছে। এর ফলে দীর্ঘস্থায়ী তাপপ্রবাহের ঘটনা সামনে আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
ফ্রান্সের আবহাওয়া অধিদপ্তরের এক আবহাওয়াবিদ জানিয়েছেন, মঙ্গলবার দেশটিতে ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়। এদিন দক্ষিণ-পশ্চিমের একটি শহরে তাপমাত্রা ৪৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়।
সংস্থাটি জানায়, ফ্রান্সের ৫৪টি বিভাগে রেড অ্যালার্ট জারি করা হয়েছে, যা আজ বুধবার বেড়ে ৫৮টিতে দাঁড়াবে। গরম থেকে কিছুটা স্বস্তি পেতে দেশজুড়ে ফরাসিদের খাল ও নদীতে ঝাঁপিয়ে পড়তে দেখা গেছে।
ফরাসি ক্রীড়ামন্ত্রী মারিনা ফেরারি জানান, তীব্র গরম থেকে স্বস্তি পাওয়ার এই আকুলতা তিনি বুঝতে পারেন। তবে অনুমোদনহীন বা বিপজ্জনক জায়গায় সাঁতার কাটার বিষয়ে সবাইকে সতর্ক করেন তিনি।