লেবাননে যুদ্ধবিরতি চুক্তি মেনে নেওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন ইসরায়েলের কট্টর ডানপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির। ইসরায়েলি সংবাদমাধ্যম আরুতজ শেভাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, প্রয়োজন হলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানও ইসরায়েল প্রত্যাখ্যান করতে পারে।
এক প্রশ্নের জবাবে বেন-গভির বলেন, ‘অবশ্যই ইসরায়েল ট্রাম্পের অনুরোধে ‘না’ বলতে সক্ষম। লেবাননে কোনো ধরনের যুদ্ধবিরতি হওয়া উচিত নয়। কোনো অবস্থাতেই যুদ্ধবিরতি নয়।’
এদিকে বেন-গভির আরও দাবি করেন, চলতি বছরের নির্বাচনের পরও ডানপন্থি জোট সরকার ক্ষমতায় থাকতে পারে। এজন্য তাদের আরও কাজ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
তার এই বক্তব্য এমন এক সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার খবর প্রকাশিত হয়েছে।
তথ্যসূত্র: আল জাজিরা