আগামী ৪৮ ঘণ্টায় নীলফামারি, লালমনিরহাট, কুড়িগ্রাম ও রংপুর জেলায় তিস্তা, ধরলা ও দুধকুমার নদী সংলগ্ন নিম্নাঞ্চল এলাকার কোথাও কোথাও সাময়িকভাবে প্লাবিত হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। মঙ্গলবার (২৩ জুন) এই সতর্কবার্তা দেওয়া হয়েছে।
এ ছাড়া আগামী ৭২ ঘণ্টায় নেত্রকোণা, ময়মনসিংহ ও শেরপুর জেলায় ভুগাই, কংস, সোমেশ্বরী এবং সিলেট ও সুনামগঞ্জ জেলায় সুরমা-কুশিয়ারা নদী সংলগ্ন নিম্নাঞ্চল এলাকার কোখাও কোথাও সাময়িকভাবে প্লাবিত হতে পারে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এ ছাড়া, গত ২৪ ঘণ্টায় পূর্বাঞ্চলীয় ও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় চট্টগ্রাম বিভাগের সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি সমতলে বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস কেন্দ্র। তবে গোমতী, মুহুরী, ফেনী, হালদা ও নদীগুলোর পানি সমতলে কমেছে অন্যদিকে সেলোনিয়া নদীর পানি সমতলে স্থিতিশীল রয়েছে।
আগামী তিনদিনে চট্টগ্রাম বিভাগের এই নদীগুলোর পানি সমতলে বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।