যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সম্ভাব্য চুক্তিকে ইসরায়েলের জন্য ‘বড় ধাক্কা’ হিসেবে দেখছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ। তিনি বলেছেন, এই চুক্তি সফলভাবে বাস্তবায়িত হলে তা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য মারাত্মক রাজনৈতিক পরিণতি বয়ে আনতে পারে।
আজ মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট আই।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার চলমান কূটনৈতিক প্রক্রিয়া ব্যর্থ করতে ইসরায়েল সক্রিয়ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার শান্তি চুক্তি নস্যাৎ করতে জায়নবাদী সরকার মরিয়া হয়ে উঠেছে।
খাজা মুহাম্মদ আসিফ বলেন, একটি পূর্ণাঙ্গ চুক্তিতে পৌঁছানো সম্ভব হলে তা নেতানিয়াহুর ‘রাজনৈতিক মৃত্যু’ ডেকে আনতে পারে। এর ফলে তিনি সম্ভাব্য আইনি পরিণতির মুখোমুখি হতে পারেন।
ফিলিস্তিনের দখল করা ভূখণ্ড এবং লেবাননে ইসরায়েলি নীতিকে সমর্থন করার জন্য পশ্চিমা দেশগুলোরও সমালোচনা করেন পাকিস্তানের এই মন্ত্রী।
তার দাবি, ইসরায়েলের মিত্ররাই তাদের এমন সব পদক্ষেপ নেওয়ার সুযোগ করে দিয়েছে, যা বিশ্বজুড়ে তীব্র নিন্দার জন্ম দিয়েছে।