ইরান-আফগানিস্তান সীমান্তের কাছাকাছি এলাকা থেকে কমপক্ষে ২০ জন ত্রাণকর্মীকে গ্রেপ্তার করেছে তালেবান সরকারের নীতি পুলিশ। তাদের দাড়ি পর্যাপ্ত লম্বা না হওয়ায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে। পরে অবশ্য তাদের ছেড়ে দেওয়া হয়।
গতকাল সোমবার আফগানিস্তানে সহায়তা সংস্থাগুলোর তিনটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
আফগানিস্তানের তালেবান সরকারের নির্দেশনা অনুযায়ী, পুরুষদের দাড়ি চিবুকের নিচ থেকে অন্তত এক মুষ্টি পরিমাণ লম্বা হতে হবে।
নাম প্রকাশ না করার শর্তে দুজন ত্রাণকর্মী কিছু অভ্যন্তরীণ বিবৃতি শেয়ার করেছেন। বিবৃতি অনুযায়ী, গ্রেপ্তার হওয়া ত্রাণকর্মীরা গত শনিবার আফগানিস্তানের ইসলাম কালা সীমান্ত পারাপার কেন্দ্রের কাছে জাতিসংঘের বিভিন্ন সহযোগী সংস্থার হয়ে কাজ করছিলেন।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) এক অভ্যন্তরীণ বিবৃতিতে বলা হয়, ‘দাড়ি কাটার কারণে ইসলাম কালা রিসেপশন সেন্টারে কর্মরত জাতিসংঘের অংশীদার সংস্থাগুলোর বেশ কয়েকজন স্থানীয় পুরুষ কর্মীকে গ্রেপ্তার করে নীতি পুলিশ।
‘তাদের মধ্যে কয়েকজনকে ওই দিন ছেড়ে দেওয়া হয়। বাকিদের পরের দিন মুক্তি দেওয়া হয়।’
এ ঘটনায় তালেবানের সদগুণ প্রচার ও পাপ প্রতিরোধ মন্ত্রণালয় কোনো মন্তব্য করেনি।
তবে হেরাত প্রদেশের নীতি পুলিশের প্রধান কর্মকর্তা জিয়াউদ্দিন তায়েব ঘটনাটি অস্বীকার করে দাবি করেন, ‘কোনো এনজিও কর্মীকে গ্রেপ্তার বা কারাদণ্ড দেওয়া হয়নি।’
তবে তিনি জানান, দাড়ি ছোট রাখার কারণে বিভিন্ন সরকারি দপ্তরের পাঁচজন কর্মীকে গ্রেপ্তার করে তাদের মন্ত্রণালয়।