ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির উপদেষ্টা ও ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সাবেক কমান্ডার মোহসেন রেজাই বলেছেন, ট্রাম্প ‘তৃতীয়বারের মতো কূটনীতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন’।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শনিবার (৩০ মে) দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন বলে জানিয়েছে আল জাজিরা।
পোস্টে ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা বলেন, ‘নৌ অবরোধ জারি রাখা এবং আলোচনায় মাত্রাতিরিক্ত দাবি করার মাধ্যমে তিনি (ট্রাম্প) আবারও প্রমাণ করেছেন, আদতে আলোচনার প্রতি তার কোনো আগ্রহ নেই; বরং অন্য কোনো উদ্দেশ্য হাসিল করতে চাইছেন তিনি।’
এদিকে একই দিনে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো চুক্তি না হলে ইরানে আবারও হামলা শুরু করতে প্রস্তুত রয়েছে যুক্তরাষ্ট্র।
সিঙ্গাপুরে এশিয়ার শীর্ষ প্রতিরক্ষা ও কূটনৈতিক সম্মেলন শাংরি-লা ডায়লগে অংশ নিয়ে মন্ত্রী বলেন, ‘আমাদের অস্ত্রভাণ্ডার এ ধরনের অভিযানের জন্য যথেষ্ট উপযোগী। শুধু ওই অঞ্চলে নয়, বিশ্বজুড়ে আমাদের প্রয়োজনীয় সামরিক সক্ষমতা রয়েছে। ফলে আমরা খুবই শক্ত অবস্থানে আছি।’
ইরানের সঙ্গে চুক্তির বিষয়ে প্রতিরক্ষামন্ত্রী বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক্ষেত্রে ‘ধৈর্য’ ধরছেন এবং তিনি এমন ‘চমৎকার চুক্তি’ করতে চান, যা নিশ্চিত করবে, ইরান যেন কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে।