বেলজিয়ামে একটি ট্রেন ও স্কুলের মিনিবাসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই শিশুসহ চারজন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্থানীয় সংবাদমাধ্যম।
বেলজিয়ামের বিচারমন্ত্রী অ্যানেলিস ভেরলিন্দেন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছেন, মঙ্গলবার (২৬ মে) সকালে দুর্ঘটনাটি উত্তর বেলজিয়ামের বুগেনহাউট অঞ্চলে ঘটে।
পশ্চিম ইউরোপের দেশটির সম্প্রচারমাধ্যম ভিআরটি জানিয়েছে, সকালে একটি লেভেল ক্রসিং পার হচ্ছিল মিনিবাসটি। সেসময় সংঘর্ষ হয়। বাসে সাতটি শিশু, চালক ও একজন তত্ত্বাবধায়ক ছিলেন।
বেলজিয়ামের কেন্দ্রীয় পুলিশের মুখপাত্র অ্যান বারজার জানিয়েছেন, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৮টার কিছু পরে দুর্ঘটনাটি ঘটে। সেসময় লেভেল ক্রসিংয়ের প্রতিবন্ধকগুলো নামানো ছিল।
ভিআরটিকে তিনি বলেন, দুর্ঘটনায় হতাহতদের পরিচয় এই মুহূর্তে বিস্তারিত জানানো সম্ভব হচ্ছে না, কারণ মিনিবাসে থাকা ব্যক্তিদের পরিবারকে প্রথমে এই তথ্য জানানো হচ্ছে।
তবে ট্রেনটিতে থাকা কোনো যাত্রী হতাহত হননি বলে নিশ্চিত করেছেন তিনি।
এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করে বেলজিয়ামের ফ্লেমিশ অঞ্চলের শিক্ষামন্ত্রী জুহাল দেমির সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘কী হৃদয়বিদারক সংবাদ! এই দুর্ঘটনায় হতাহত, তাদের পরিবার এবং এর সঙ্গে সংশ্লিষ্ট সবার প্রতি আমার গভীর সমবেদনা।’