ঈদুল আজহার ছুটি শুরু হওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে বেড়েছে ঘরমুখো যাত্রীদের চাপ। একই সঙ্গে বেড়েছে ঢাকামুখি পশুবোঝাই ট্রাকের চাপও। এতে সড়কে দেখা দিয়েছে যানজট। ফেরি ঘাটে তৈরি হয়ে বাসের দীর্ঘ সারি। যার কারণে পাটুরিয়ায় ফেরি পেতে একেকটি যানবাহনকে তিন ঘণ্টারও বেশি সময় অপেক্ষা করতে হচ্ছে।
সরেজমিনে মঙ্গলবার (২৬ মে) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত পাটুরিয়া ঘাট এলাকা ঘুরে দেখা যায়, দক্ষিণাঞ্চলগামী যানবাহনের সিরিয়াল পাটুরিয়া ঘাটের আরসিএল মোড় এলাকা ছাড়িয়ে গেছে। প্রায় দুই কিলোমিটার সড়কে শতাধিক বাস ফেরিতে ওঠার অপেক্ষায় রয়েছে। ট্রাক টার্মিনালে ৭০টির মতো বড় ও ছোট ট্রাক পারের অপেক্ষায় রয়েছে। ৫ নম্বর ঘাট এলাকায় প্রাইভেটকার, মাইক্রোসহ ছোট-বড় প্রায় শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। এছাড়া মোটরসাইকেল আরোহীর ভিড়ও বেড়েছে ঘাট এলাকায়।
লুৎফর রহমান নামের এক যাত্রী বলেন, ‘দুপুর ২টার দিকে ঘাট এলাকায় আমাদের বাসটি সিরিয়ালে আসছে। পন্টুনের কাছাকাছি আসতে তিন ঘণ্টা সময় লাগছে। হয়তো কিছুক্ষণ পর ফেরিতে উঠতে পারব। বহরে আরও কিছু ফেরি যুক্ত হলে এত চাপ পড়ত না।’
নার্গিস আক্তার নামের আরেক যাত্রী বলেন, ‘তিন ঘণ্টা ধরে বাসে বসে আছি। বাচ্চাকাচ্চা নিয়ে যা-তা অবস্থা। ভালো কোনো টয়লেটও নেই। ফেরি পেতে এবার বেশি সময় লাগছে।’
শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা রানী কর্মকার বলেন, ‘আশপাশের কারখানাগুলো ছুটি হওয়ায় দুপুরের পর ঘাট এলাকায় যানবাহন ও যাত্রীদের ভিড় বাড়লেও ভোগান্তি নেই। যানবাহনে ও ফেরি ঘাট এলাকায় বাড়তি ভাড়া আদায় যাতে না হয়, সে বিষয়ে মোবাইল টিম কাজ করছে।’
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ডিজিএম সালাম হোসেন বলেন, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে নয়টি বড়, পাঁচটি মাঝারি ও তিনটি ছোট ফেরি চলাচল করছে। দুপুরের পর ঘাট যানবাহনের ভিড় বাড়লেও কোনো ভোগান্তি নেই। সিরিয়ালে অগ্রাধিকার ভিত্তিতে যানবাহন পারাপার করা হচ্ছে।