ইরানের বন্দর ও নৌযানগুলোতে যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ নিতে সংযুক্ত আরব আমিরাতে আঘাত হেনেছে ইরান। এর ফলে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধবিরতি ভেঙে পড়ার দ্বারপ্রান্তে পৌঁছেছে।
দ্য টেলিগ্রাফ জানিয়েছে, বৃহস্পতিবার (৭ মে) রাতভর পারস্য উপসাগরের হরমুজ প্রণালিতে ওয়াশিংটন ও তেহরান একে অপরের ওপর আক্রমণ চালায়। ইরানের রাজধানীতেও বিস্ফোরণের শব্দ শোনা যায়।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় মার্কিন যুদ্ধজাহাজে হামলার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র এই পদক্ষেপ নিয়েছে।
তবে এই হামলাকে ‘সামান্য আঘাত’ হিসেবে অভিহিত করে তিনি দাবি করেন, যুদ্ধবিরতি এখনো ‘কার্যকর’ রয়েছে।
এর জবাবে শুক্রবার ভোরে আমিরাতে একযোগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান।
আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষাব্যবস্থা এই হামলা ‘সক্রিয়ভাবে মোকাবিলা’ করেছে।
এর আগে ট্রাম্প বলেছিলেন, যুদ্ধ অবসানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে এখনো আলোচনা চলছে।
তবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘তাদের (ইরান) বুঝতে হবে, যদি চুক্তিতে সই করা না হয়, তাহলে তাদের চরম মূল্য দিতে হবে।’